জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করার বিষয়টি সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম সাফল্য। কিন্তু এই শিক্ষানীতি বাস্তবায়নের কাজ চলছে ধীরগতিতে। শিক্ষানীতি বাস্তবায়নের কৌশল নির্ধারণে গঠিত উপকমিটিগুলোর কাজে অগ্রগতি কম। জানা যায়, ২৪টি উপকমিটি গঠনের আট মাস পরও সিংহভাগ কমিটি সুপারিশ তৈরি করতে পারেনি। অথচ এসব কমিটিকে দুই থেকে তিন মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছিল। এসব কমিটির মধ্যে সমন্বয়হীনতারও অভিযোগ উঠেছে।এই অবস্থায় বর্তমান সরকারের আমলে প্রণয়ন করা শিক্ষানীতি কতটুকু বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, এই সরকারের মেয়াদ প্রায় তিন বছর হয়ে গেছে। শিক্ষানীতি প্রণয়ন কমিটির সঙ্গে জড়িত ব্যক্তিরাও চান দ্রুত শিক্ষানীতি বাস্তবায়ন করা হোক।উপকমিটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কৌশল নির্ধারণসংক্রান্ত উপকমিটিগুলো সরকারি কর্মকর্তানির্ভর। এসব কমিটির মধ্যে সমন্বয় নেই। তা ছাড়া অগ্রাধিকার নির্ধারণ করেও কাজ হচ্ছে না। তাই বাস্তবায়নকাজ চলছে ঢিমেতালে। অথচ শিক্ষানীতি প্রণয়নের সময় বলা হয়েছিল, চলতি বছরের শুরু থেকেই এর বাস্তবায়ন করা হবে।এ বিষয়ে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ধীরগতি বলব না। শিক্ষানীতি বাস্তবায়নসংশ্লিষ্ট বেশ কিছু কাজের অগ্রগতি হয়েছে। যেমন—দরিদ্র মেধাবীদের উপবৃত্তি ও বিনা বেতনে শিক্ষা দেওয়ার জন্য ট্রাস্ট ফান্ড আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের টিফিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি বলেন, শিক্ষানীতির সঙ্গে অনেক বিষয় সম্পৃক্ত, হঠাৎ করে এটা বাস্তবায়ন করা যায় না। বেশ কয়েকটি বিষয়ের সঙ্গে আর্থিক সংশ্লেষ রয়েছে। সুচিন্তিতভাবে এটা বাস্তবায়ন করতে হবে বলে তিনি মনে করেন।২০০৯ সালের ৮ এপ্রিল শিক্ষানীতি প্রণয়নে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়। ওই কমিটি একই বছরের সেপ্টেম্বর মাসে তাদের সুপারিশ জমা দেয়। গত বছরের মে মাসে মন্ত্রিসভায় জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুমোদন পায়। এরপর সেটি জাতীয় সংসদেও গৃহীত হয়।শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক শিক্ষা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা, সব ধারার শিক্ষায় কিছু অভিন্ন বিষয় বাধ্যতামূলকভাবে পড়ানো, মাদ্রাসাশিক্ষার আধুনিকায়নসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার সুপারিশ রয়েছে। কিন্তু এসব বিষয়ে কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। সাম্প্রতিক সময়ে কয়েকটি শিক্ষক সংগঠন দ্রুত শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে।সূত্রমতে, শিক্ষানীতি অনুমোদনের আট মাস পর চলতি বছরের ২৬ জানুয়ারি শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নীতি বাস্তবায়নের কৌশল নির্ধারণের জন্য ২৪টি উপকমিটি গঠন করা হয়। বেশির ভাগ কমিটির নেতৃত্বে আছেন সরকারি কর্মকর্তারা। এসব কমিটিকে দুই মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছিল। শুধু শিক্ষা আইন ও স্থায়ী শিক্ষা কমিশন গঠনের বিষয়ে করা কমিটিকে এক মাস বেশি সময় দেওয়া হয়।শিক্ষা আইন ও স্থায়ী শিক্ষা কমিশন গঠনের খসড়া তৈরি কমিটির নেতৃত্বে আছেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। এই কমিটিকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত ওই কমিটি পূর্ণাঙ্গ খসড়া করতে পারেনি। শিক্ষাসচিব ও কমিটির একজন সদস্য অবশ্য বলেছেন, একটি খসড়া হয়েছে।কমিটি সূত্রে জানা গেছে, খসড়ার বিষয়ে গত বৃহস্পতিবার একটি সভা ডাকা হয়েছিল। কিন্তু সেদিন হরতাল থাকায় সভা হয়নি। ২৯ সেপ্টেম্বর আবার সভা ডাকা হয়েছে। সেই সভায় খসড়ার বিষয়ে আলোচনা হবে। এই কমিটি খসড়া করার পর সেটি আবার শিক্ষানীতি বাস্তবায়নসংক্রান্ত মূল কমিটিতে পাঠানো হবে। সেখানে শিক্ষা আইনের খসড়াটি চূড়ান্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।শিক্ষানীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করা। এই কাজের কৌশল নির্ধারণের জন্য গঠিত কমিটির প্রধান হলেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার। ওই কমিটি কয়েকটি সভা করলেও তারা এখনো প্রতিবেদন দিতে পারেনি। এ বিষয়ে আব্দুল আউয়াল মজুমদার প্রথম আলোকে বলেন, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করার কাজটি বেশ জটিল। প্রাথমিক অবস্থায় নিম্নমাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত করার চিন্তাভাবনা চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কমিটি এজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সংগ্রহ করে। তবে সরকারি-বেসরকারি দুই ধরনের বিদ্যালয়ের জনবল কীভাবে সমন্বয় করা হবে, সেটি তাঁদের কাছে বেশ জটিল মনে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই উপকমিটির একজন সদস্য জানান, আগামী বছর থেকে পরীক্ষামূলকভাবে কিছু বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালুর চেষ্টা করা হচ্ছে।শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো এবং তাঁদের আর্থিক সুবিধা বৃদ্ধির বিষয়ে গঠিত কমিটির প্রধান হলেন অতিরিক্ত শিক্ষাসচিব (অর্থ ও প্রশাসন)। এই কমিটি একটি সভা করলেও এ বিষয়ে এখনো পূর্ণাঙ্গ কিছু হয়নি।এ ছাড়া কারিগরি ও কর্মমুখী শিক্ষা, মাদ্রাসাশিক্ষার আধুনিকায়ন, শিক্ষানীতির আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন, নিরক্ষরতা দূরীকরণ, উচ্চশিক্ষা, মাধ্যমিক স্তরের শিক্ষাসহ অন্যান্য বিষয়ে গঠিত কমিটিগুলোর কাজেও অগ্রগতি খুব একটা নেই।সূত্র জানায়, শিক্ষানীতি বাস্তবায়নের জন্য আলাদাভাবে কোনো টাকা বরাদ্দ রাখা হয়নি। এটিও ধীরগতির একটি বড় কারণ।শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, যত দ্রুত শিক্ষানীতি বাস্তবায়ন করা যায় ততই ভালো। তবে জেএসসি পরীক্ষা চালুসহ বেশ কিছু কাজ হয়েছে।’ তিনি বলেন, শিক্ষানীতির বাস্তবায়ন পর্যায়ে কিছু সমস্যা থাকতে পারে।শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য কাজী ফারুক আহমেদ বলেন, শিক্ষানীতির বাস্তবায়নকাজে কিছু অগ্রগতি হয়েছে। তবে কমিটিগুলোর মধ্যে সমন্বয় থাকলে আরও বেশি অগ্রগতি হতো।এর আগে অধ্যাপক মনিরুজ্জামান মিঞার নেতৃত্বাধীন জাতীয় শিক্ষা কমিশনের প্রতিবেদনও বাস্তবায়ন পর্যায়ে গিয়ে ঝুলে যায়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ওই শিক্ষা কমিশনের প্রতিবেদন বাস্তবায়নকাজ শিক্ষা মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে বন্দী হয়ে পড়ে। এ নিয়ে মনিরুজ্জামান মিঞা বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেন।