জাতীয় সংকটে গঠনমূলক ভূমিকা পালন করুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংকট ও দেশের বিদ্যমান সমস্যা তুলে ধরতে সংবাদমাধ্যমকে আরও গঠনমূলক ও বিচক্ষণতার সঙ্গে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। খবর বাসসের। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে সংবাদমাধ্যম ও বাকস্বাধীনতায় বিশ্বাসী। এই প্রত্যয় থেকে অনেকগুলো স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচারের পথ উন্মুক্ত এবং তথ্য-অধিকার নিশ্চিত করা হয়েছে। তবে সম্প্রতি সাভারের মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় সংবাদমাধ্যমের কিছু সদস্যের ভূমিকায় বিচক্ষণতা ও দায়িত্বশীলতা পরিলক্ষিত হয়নি।’প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো দুর্ঘটনা বা বিপর্যয়ের পর বাংলাদেশের মতো কোনো দেশই ওই নির্ধারিত এলাকায় সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশের অনুমতি দেয় না। আমরা স্বচ্ছতার স্বার্থে এই অনুমতি দিয়েছি। কিন্তু কিছু কিছু গণমাধ্যম এই সুযোগ যথাযথভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দুর্ঘটনার ২০ মিনিটের মধ্যে সাভারে উদ্ধারকারী দল প্রেরণ করেছে। জীবিতদের উদ্ধারে যথাযথ পদ্ধতি প্রয়োগ ও আহতদের প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা করেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় সম্ভবত এটাই বাংলাদেশের রেকর্ড। এ ছাড়া সরকার একজন মানুষকেও জীবিত উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে।’অনুষ্ঠানে সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি মেসবাহ উদ্দিন, মহাসচিব কামরুল হাসান খান এবং বিভিন্ন জেলা শাখার নেতারা বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল¬া ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।