জাতীয় সংগীতে বিজয়ের মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধীর অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ। ৩৯ বছর আগে যে অবিস্মরণীয় ঘটনাটি ঘটেছিল, পরাধীনতার গ্লানি ঘুচিয়ে স্বাধীন-সার্বভৌম শব্দগুচ্ছ যুক্ত করেছিল মাতৃভূমির নামের সঙ্গে, সেই মুহূর্তটির প্রতীক্ষা। চলছিল ক্ষণগণনার পালা। এল সেই মাহেন্দ্রক্ষণ। চারটা ৩১ মিনিট। আকাশ-বাতাস মথিত করে জাগল অগণিত মানুষের কণ্ঠের সুর ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ পড়ন্ত বেলায় কুয়াশার স্তর ভেদ করে ছড়িয়ে আছে ম্লান আলো। সেই আলো গায়ে মেখে এক গভীর আত্মগৌরব ও প্রত্যয়ে গাইছিলেন সবাই মিলে দেশকে ভালোবাসার গানটি। যে দেশের জন্য ৩০ লাখ মানুষ অকাতরে প্রাণ উৎসর্গ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন এই দিনে। এভাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণ করা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঠিক এ সময়েই আত্মসমর্পণ করেছিল হানাদার পাকিস্তানি বাহিনী। জন্ম হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সেই মুহূর্তটি স্মরণ করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও গ্রামীণফোন যৌথভাবে আয়োজন করেছিল ‘আমার দেশ আমার গর্ব’ নামের এই আয়োজন। মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম সবাই মিলেমিশে একাকার হয়েছিল এই আয়োজনে। বিজয় উৎসবে শামিল অগণিত নগরবাসী কিছু সময়ের জন্য এখানে এসেছিল জাতীয় সংগীত গেয়ে হূদয়ের গভীরে বিজয়ের মুহূর্তটি অনুভব ও উপলব্ধি করতে। পতাকার লাল-সবুজ রং ছিল তাদের পোশাকে। জনতার জাতীয় সংগীতে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি বলেন, ‘জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে বলছি, আজ আমি যে কাজটি করছি, তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ।’ বড় আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয় তখন। মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে ফিরে যান অনেকে। গতকালের এই আয়োজনে সহযোগিতা করে এবিসি রেডিও, চ্যানেল আই, এটিএন নিউজ, বাংলাভিশন, এনটিভি ও বিজ্ঞাপনী সংস্থা গ্রে। অনুষ্ঠানটি শুরু হয় বিকেল চারটা ১০ মিনিটে। তার পর থেকেই অনুষ্ঠানের উপস্থাপক সংবাদ পাঠক মাহমুদুর রহমান সময় গুনতে থাকেন। শুরু হয় জনতার অধীর প্রতীক্ষা। ‘চারটা ৩১ মিনিট’ ঘোষণা হতেই এক শিহরিত অনুভব বয়ে যায় জনতার মধ্যে। চরাচর মুখর হয়ে ওঠে জাতীয় সংগীতের সুরে। সবাই যে অনুভূতি নিয়ে জাতীয় সংগীত গেয়েছে, সেই অনুভূতি ও অনুপ্রেরণা নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয় মঞ্চ থেকে। রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, আইয়ুব বাচ্চু, মেহ্রীনসহ অনেক গুণী কণ্ঠশিল্পী, দেশসেবা বাদ্যযন্ত্র বাদকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবাই মিলে জাতীয় সংগীত গাওয়ারই অনুষ্ঠান। তাই বক্তব্য ছিল অল্পই। সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, ‘দেশকে স্বাধীন করতে আমাদের পূর্ব প্রজন্ম অনেক রক্ত দিয়েছেন। নতুন প্রজন্ম এই স্বাধীনতাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা সোনার বাংলার যে কাজগুলো শেষ করতে পারিনি, নতুন প্রজন্ম তা শেষ করবে। মুক্তিযোদ্ধাদের সব স্বপ্নকে বাস্তবায়ন করবে।’অনুষ্ঠান সম্পর্কে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা (সিসিও) কাজী মনিরুল কবীর বলেন, ‘নাগরিক দায়িত্ববোধ থেকে গ্রামীণফোন এ আয়োজনে এগিয়ে এসেছে। স্বাধীনতা না পেলে এভারেস্ট জয়কে কেউ আমাদের কৃতিত্ব বলত না। একইভাবে পোশাকশিল্পে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়, নিটওয়্যার রপ্তানিতে পৃথিবীতে দ্বিতীয় অবস্থানসহ অনেক অর্জন আমাদের। এ অর্জনগুলোকে বিজয়ের দিনে নতুনভাবে উপলব্ধি করার জন্য জাতীয় সংগীতকে বেছে নেওয়া হয়েছে।’সংগীতশিল্পী রুনা লায়লা বলেন, ‘এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে ভীষণ গর্ব বোধ করছি।’ তিনি বাংলাদেশকে ‘মা’ হিসেবে আখ্যায়িত করেন ও দেশকে মায়ের মতো ভালোবাসতে বলেন।তরুণ প্রজন্মের শিল্পী কণা বলেন, ‘আজ নতুন একটি ইতিহাস সৃষ্টি হচ্ছে, সেই ইতিহাসের সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে। মুক্তিযোদ্ধাদের উপলব্ধিগুলো কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি।’মুক্তিযুদ্ধে ভিনদেশিরা সাহায্যের হাত বাড়িয়েছিল। অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ওডভার হেশজেডাল শুভেচ্ছা বক্তব্য দেন। শিমুল মুস্তাফার কবিতা আবৃত্তি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা এনে দেয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশ মানে শুধু কয়েকটি বর্ণ নয়, এটি হচ্ছে বিশুদ্ধ আবেগ। হূদয়ের গভীরতম অনুভূতি। বাংলাদেশ মানে মনে করিয়ে দেওয়া, আমরা অকুতোভয় জাতি। বাংলাদেশ মানে মনে করিয়ে দেওয়া, চির উন্নত মম শির।’ বিজয়ের মুহূর্ত স্মরণের এই আয়োজন শেষও হয়েছিল জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে ফিরেছিল সমবেত জনতা।