জাতীয় সংগীতের সঙ্গে সারা দেশে উড়ল জাতীয় পতাকা
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের ডাকে সাড়া দিয়েছে সারা দেশের মানুষ। আজ রোববার সকাল ১০টা বাজতে না বাজতেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সবার কণ্ঠে ছিল জাতীয় সংগীত। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ এই সুর ছিল সারা দেশে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা সকাল ১০টায় খুলনার শিববাড়ি মোড়ে নির্দলীয় গণজাগরণ মঞ্চে জাতীয় পতাকা ওড়ানো হয় ও জাতীয় সংগীত গাওয়া হয়। তবে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই সময় মাধ্যমিক পরীক্ষা চলার জন্য এই কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। খুলনা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস বলেন, ‘আমরা শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের কর্মসূচি পালন করেছি।’বাগেরহাটবাগেরহাটেও সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময়ে পিসি কলেজ ছাত্রসংসদও এ কর্মসূচি পালন করে। এ ছাড়া বাগেরহাটের বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও কর্মসূচি পালিত হয়েছে।নাটোরনাটোরে সকাল থেকেই ছিল হালকা বৃষ্টি। কিন্তু তাতে শাহবাগের প্রজন্ম চত্বরের ডাকা কর্মসূচিতে কোনো ভাটা পড়েনি। সকাল ১০টার দিকে নাটোর শহরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃষ্টিতে ভিজে জাতীয় সংগীত গান শিক্ষার্থীরা। জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ শহরের বনলতা ও মহারাজা উচ্চবিদ্যালয়ে উপস্থিত থেকে কর্মসূচি পালনে উত্সাহ দেন। শিক্ষার্থীরা ব্লগার আহমেদ রাজীব হায়দারের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন।পটুয়াখালীব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদ ও সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগের কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন পটুয়াখালীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টা বাজার সঙ্গে সঙ্গে সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ পটুয়াখালীর এক হাজার ৭৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালন করা হয়।কুড়িগ্রামকুড়িগ্রামে বৃষ্টির মধ্যে বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠন মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে। আজ সন্ধ্যা ছয়টার দিকে একাত্তরের মঞ্চ থেকে মশাল মিছিল বের করা হবে। মিছিলে সব স্তরের মানুষকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। মিছিল শেষে শহীদ মিনারে গোলাম আজমের কুশপুত্তলিকা দাহ করা হবে। কুড়িগ্রামের নাগেশ্বরী, রাজারহাট, উলিপুর, ভূরুঙ্গামারী, রাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় একই কর্মসূচি পালিত হয়েছে। ভোলাআজ সকাল ১০টায় ভোলার সব স্কুল-কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন ও জাতীয় পতাকা উত্তোলন করেন। ভোলার সব উপজেলাতে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সবাই স্লোগান দেন ‘এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব ঘরে-ঘরে’।