জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে আগামী শুক্রবার থেকে শুরু হওয়া ২০১১-১২ অর্থবছরের বাজেট পাস হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি এ সময় সংসদে উপস্থিত ছিল না। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত অধিবেশনে চলতি অর্থবছরে এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এই বাজেটে উন্নয়ন ব্যয় বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা। আর সব মিলিয়ে অনুন্নয়ন ব্যয়ের পরিমাণ এক লাখ ১৭ হাজার ৫৮৯ কোটি টাকা।এদিকে চলতি অর্থবছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে মোট দুই লাখ ৩২ হাজার ৪৬৪ কোটি আট লাখ ৫৯ হাজার টাকার নির্দিষ্টকরণ বিল জাতীয় সংসদে কণ্ঠভোটে গতকাল পাস করা হয়েছে। এর মধ্যে সাংসদদের ভোটে গৃহীত অর্থের পরিমাণ এক লাখ ৫৭ হাজার ৩১২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা এবং সংযুক্ত তহবিলের ওপর দায় ৭৫ হাজার ১৫১ কোটি ৩০ লাখ ৬৯ হাজার টাকা।সংযুক্ত তহবিলের দায়ের মধ্যে ট্রেজারি বিলের দায় পরিশোধ, হাইকোর্টের বিচারপতি ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে বেতন ইত্যাদি দায় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, মোট বাজেট ব্যয়ের মধ্যে বৈদেশিক অনুদান রয়েছে। সেই অনুদান বাদ দিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে নির্দিষ্টকরণ অর্থ মঞ্জুরের জন্য সংসদে পাস করা হয়েছে।আগামী বছরের বাজেটের ওপর সংসদে উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ খাতের ৫৪টি মঞ্জুরি দাবির বিপরীতে ৬০০টির বেশি ছাঁটাই প্রস্তাব আসে। কিন্তু বিরোধী দল সংসদে না থাকায় তা আলোচনা হয়নি, কণ্ঠভোটে বাতিল হয়। কেবল সাতটি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। সেগুলোও কণ্ঠভোটে বাতিল করা হয়।ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় ফজলুল আজিম বাজেট বাস্তবায়নে জনপ্রশাসনের সক্ষমতা, সামষ্টিক অর্থনীতির ভারসাম্য, শেয়ারবাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতা এবং পুলিশ বাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহারের অভিযোগ আনেন।আজিম বলেন, ‘জনপ্রশাসন ঝিমিয়ে পড়েছে, গতি হারিয়ে ফেলেছে। একে চাঙা করা না গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। তিনি এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে বরাদ্দ কমিয়ে এক টাকা করার প্রস্তাব রাখেন।’একইভাবে স্বতন্ত্র এই সাংসদ বলেন, সামষ্টিক অর্থনীতির ভারসাম্য নষ্ট হয়েছে। ব্যাংকে তারল্যসংকট ও ডলারের দাম বাড়ছে। শেয়ারবাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী শেয়ারবাজার ভালো হলে তার ক্রেডিট (বাহ্বা) নিতে চাইবেন আর বাজারের পতন হলে ফাটকা বাজার বলে সটকে যাবেন, এটা ঠিক নয়।’ তিনি শেয়ারবাজারে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে ঘন ঘন হস্তক্ষেপ না করারও পরামর্শ দেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জবাবে বলেন, শেয়ারবাজারে অতিমূল্যায়নের সময় সরকার তা রুখতে পারেনি—এটা তিনি আগেই সংসদকে জানিয়েছেন। তবে বাজার এখন স্থিতিশীল এবং ইতিমধ্যে বাজার স্থিতিশীল রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের তারল্যসংকটের সঙ্গে শেয়ারবাজারের ওঠানামার কোনো সম্পর্ক নেই। উপরন্তু তিনি বলেন, বাজার দুই মাস ধরে স্থিতিশীল রয়েছে। বাজার নিয়ে ভয়ের কোনো কারণ নেই। অর্থমন্ত্রী একই সঙ্গে জানান, আগামী মাসে নতুন বাণিজ্যিক ব্যাংক ও জীবন বিমা কোম্পানির নিবন্ধন দেওয়ার জন্য দরখাস্ত নেওয়া হবে।আগামী বছরের বিশাল বাজেট ব্যয় পরিকল্পনার বিপরীতে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ১৮ হাজার ৩৮৫ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর ৯১ হাজার ৮৭০ কোটি টাকা। এর বাইরে এনবিআর-বহির্ভূত করের পরিমাণ তিন হাজার ৯১৫ কোটি টাকা এবং করবহির্ভূত রাজস্ব ২২ হাজার ৬০০ কোটি টাকা। আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতায় আগামী অর্থবছরে সামগ্রিক ঘাটতি দাঁড়াবে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। তবে অনুদান বাদ দিলে ঘাটতি হবে ৪০ হাজার ২৬৬ কোটি টাকা। এই ঘাটতি মেটানোর একটি পরিকল্পনাও অর্থমন্ত্রী সংসদকে দিয়েছেন। মূলত ১৩ হাজার ৫৮ কোটি টাকার বৈদেশিক ঋণ এবং ২৭ হাজার ২০৮ কোটি টাকার অভ্যন্তরীণ ঋণ বাজেট নিয়ে ঘাটতি মেটানো হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকব্যবস্থা থেকে নেওয়া হবে সর্বোচ্চ ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি করে পাওয়া যাবে ছয় হাজার কোটি টাকা।