জাতীয় সংসদে শিক্ষানীতি পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত জাতীয় শিক্ষানীতি সংসদে গৃহীত হয়েছে। ২০০৯ সালের ৭ এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রণয়নে কমিটি গঠনের পর বিভিন্ন প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার এটি চূড়ান্ত হলো। এরপর শুরু হবে জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন পর্ব।গতকাল রাতে শিক্ষানীতির ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দারিদ্র্য বিমোচনের প্রধান হাতিয়ার হবে শিক্ষা। কারণ শিক্ষা ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। একটি ছেলেকে শিক্ষা দেওয়া গেলে তার আর দারিদ্র্য জয় করতে কষ্ট হয় না। এ জন্য সরকার শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানে পৃথিবী এগিয়ে যাচ্ছে, আর এ সময় আমরা পিছিয়ে থাকতে পারি না। তাই যেকোনো মূল্যে বাংলাদেশকে ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত করা হবেই।’প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় প্রণয়ন করা কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে একটি শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়। এরপর বিএনপি এসে তা বন্ধ করে দেয়। এবার সরকার গঠনের পর শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সবার সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই এ বিশাল কাজ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, শিক্ষানীতির ওপর জনগণের মতামত নেওয়ার জন্য এটা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল এবং এরই ভিত্তিতে এ শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে।শেখ হাসিনা বলেন, অনেকেই ভেবেছিল, এ শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষার গুরুত্বই থাকবে না। কিন্তু এ শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, ধর্মীয় ও সামাজিক শিক্ষাকে সরকার গুরুত্বপূর্ণ মনে করে।মাদ্রাসা শিক্ষা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে ওলামা-মাশায়েখদের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামত নেওয়া হয়েছে এবং সেই অনুসারেই ওই নীতিমালা করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাঁদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হয়েছে এ শিক্ষানীতিতে।প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ করা হচ্ছে। এর সঙ্গে তাদের টিফিনের ব্যবস্থা করা গেলে ঝরে পড়া রোধ করা যেত। এ জন্য বিদেশ থেকে কিছু সাহায্য পাওয়া গেছে। প্রধানমন্ত্রী বলেন, টাকার অভাবে শিক্ষা হয়নি—এমন অবস্থা যাতে না হয়, সেটিই এ শিক্ষানীতির মূল কথা। স্নাতক পর্যন্ত পুরো শিক্ষাব্যবস্থাকে অবৈতনিক করার পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে শিক্ষানীতির ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ১৮ জন সাংসদ অংশ নেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার জন্যই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। অতীতে সব শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম হয়েছে। কিন্তু এই নীতি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। সবার সঙ্গে আলোচনা করে গ্রহণ করা হয়েছে বলেই জাতি আজ এই নীতিমালার ব্যাপারে ঐক্যবদ্ধ।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এটা কোনো দল বা জোটের শিক্ষানীতি নয়, এটা জাতীয় নীতি। একে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।তোফায়েল আহমেদ বলেন, কুদরাত-এ-খুদা শিক্ষানীতির বাইরে এটিই একমাত্র পূর্ণাঙ্গ শিক্ষানীতি।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কোচিং সেন্টার খোলার মাধ্যমে অতীতে শিক্ষাকে ব্যবসায়িকভাবে ব্যবহার করা হয়েছে। এ নীতি বাস্তবায়িত হলে সেই সুযোগ থাকবে না। শিক্ষায় বৈষম্য থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।চিফ হুইপ আবদুস শহীদ বলেন, শিক্ষা দাবি নয়, অধিকার। এটাই প্রস্তাবিত শিক্ষানীতির মূল কথা।আবদুল মতিন খসরু বলেন, সরকারের প্রস্তাবিত শিক্ষানীতির মাধ্যমে মানসম্মত শিক্ষা অর্জন সম্ভব।রাশেদ খান মেনন বলেন, এরই মধ্যে এই শিক্ষানীতি গ্রহণযোগ্যতা পেয়েছে।এ ছাড়া শেখ ফজলুল করিম সেলিম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ফজলে রাব্বি মিয়া, নুরুল ইসলাম, মইনউদ্দীন খান, সাগুফতা ইয়াসমীন, আবদুর রহমান, আলী আশরাফ, মুজিবুল হক ও আ স ম ফিরোজ শিক্ষানীতির ওপর আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে সংসদের বৈঠক আজ বুধবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সংসদের ষষ্ঠ অধিবেশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় শিক্ষানীতি সংসদে উত্থাপন করেন। শিক্ষানীতিটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণের সময় ধরা হয়েছে নয় বছর এবং মোট খরচ ধরা হয়েছে ৬৮ হাজার কোটি টাকা।শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষানীতি বাস্তবায়ন শুরুর অর্থ, শিক্ষাব্যবস্থার স্তর ওলটপালট হওয়া। কমিটির সুপারিশ অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা থাকবে না, প্রাথমিক শিক্ষার পরিধি হবে অষ্টম শ্রেণী পর্যন্ত। পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু থাকা প্রায় ৮০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী চালু করতে অবকাঠামো খাতেই খরচ হবে ৩০ হাজার ৯০০ কোটি টাকা। এ ছাড়া মাধ্যমিক শিক্ষার পুনর্বিন্যাস হবে। শিক্ষার বিভিন্ন স্তর, পাঠ্যবই ও পরীক্ষাপদ্ধতিতেও পরিবর্তন আসবে।