সংরক্ষিত নারী আসন হবে ১০০, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করার সিদ্ধান্ত বিশেষ কমিটির
জাতীয় সংসদের আসনসংখ্যা ৪০০ করার চিন্তাভাবনা
জাতীয় সংসদের আসনসংখ্যা ৪০০-তে উন্নীত করার কথা বিবেচনা করছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে নারীদের জন্য সংরক্ষিত আসন ৪৫ থেকে বাড়িয়ে ১০০ করা হবে। এ ছাড়া কমিটি সংসদের ফ্লোর ক্রসিং-সংক্রান্ত সংবিধানের বহু বিতর্কিত ৭০ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করারও সিদ্ধান্ত নিয়েছে।বিশেষ কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সংসদের আসনসংখ্যা ৪০০ করা হলে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন সংশোধনের মাধ্যমে সারা দেশকে ৪০০ আসনে ভাগ করা হবে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এসব আসনে সরাসরি নির্বাচন হবে এবং নারীরাই কেবল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।জানা যায়, বর্তমানে সংসদ ভবনের অধিবেশনকক্ষে সাংসদদের বসার জন্য ৩৫৪টি আসন রয়েছে। আসনসংখ্যা ৪০০ করা হলে বসার আসনবিন্যাস করা নিয়ে সমস্যা হবে। এটি মাথায় রেখে কমিটি আজ বুধবার সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করে প্রস্তাব চূড়ান্ত করবে। এ ক্ষেত্রে সংসদকক্ষের ভিআইপি গ্যালারির আয়তন কমানো হতে পারে।সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সংসদ ভবনে বিশেষ কমিটির সভায় সংবিধানের ৬৫ ও ৭০ অনুচ্ছেদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।সভা শেষে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, সংবিধানে নারীদের জন্য সংরক্ষণ করা আসনের সংখ্যা কতটি হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, ‘সংসদের আসনসংখ্যা ৪০০-তে উন্নীত করা, ১০০টি আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং এসব আসনে সরাসরি নির্বাচনের বিষয়ে কমিটির সদস্যরা একমত হয়েছেন। তবে কোন প্রক্রিয়ায় আসন বাড়ানো হবে, সে বিষয়ে আগামীকালের (বুধবার) সভায় সিদ্ধান্ত হবে।’কমিটির সদস্য রাশেদ খান মেনন জানান, ৭০ অনুচ্ছেদ সংশোধনের ব্যাপারে সদস্যরা একমত। তবে কতটুকু পরিবর্তন করা হবে, সে বিষয়ে কমিটির সদস্যদের মধ্যে দ্বিমত রয়েছে।সংবিধানের বিদ্যমান বিধান অনুযায়ী, সংসদের আসনসংখ্যা ৩০০। এর বাইরে ৪৫টি আসন নারীদের জন্য সংরক্ষিত আছে। তবে এসব নারী সাংসদের নিজস্ব কোনো নির্বাচনী এলাকা নেই। এ-সংক্রান্ত ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী, নবম জাতীয় সংসদের প্রথম কার্যদিবস থেকে ১০ বছর পর্যন্ত ৪৫টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। সংসদে বিভিন্ন দলের যে পরিমাণ প্রতিনিধিত্ব রয়েছে, তার আনুপাতিক হারে দলগুলোর জন্য সংরক্ষিত আসন বণ্টন হবে এবং এসব নারী সদস্যরা সাংসদদের ভোটে নির্বাচিত হবেন।৭০ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করার সিদ্ধান্ত: সাংসদদের আসন শূন্য হওয়াসংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কমিটি। সূত্র জানায়, কমিটির বেশির ভাগ সদস্যের মত হলো, ৭০ অনুচ্ছেদটি অবিকল ১৯৭২-এর সংবিধানের মতো করা। এ সংশোধন হলে কোনো সাংসদ সংসদে শুধু নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে তাঁর সদস্যপদ শূন্য হবে। তিনি ওই দিন সংসদে অনুপস্থিত থাকলে বা ভোটদানে বিরত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হবে না।কমিটি গতকাল ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়। এর আগে কমিটি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্দিষ্ট করা, ওই সময় রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ন্ত্রণ এবং সংসদে টানা অনুপস্থিতির মেয়াদ ৯০ দিন করার নীতিগত সিদ্ধান্ত নেয়। বর্তমান বিধান অনুযায়ী কোনো সাংসদ টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হবে।সুরঞ্জিত সেনগুপ্ত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ৭০ অনুচ্ছেদ সংশোধন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিটি। তবে সংশোধনীটি শেষ পর্যায়ে কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, এ অনুচ্ছেদ নিয়ে আলাপকালে কমিটির সদস্যরা বাহাত্তরের সংবিধানে ফেরার পক্ষে মত দিয়েছেন। ওই সংবিধানে সাংসদদের আসন শূন্য হওয়া নিয়ে যে বিধান আছে, তাতে জটিলতা অনেক কম।বাহাত্তরের সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দেন, তাহা হইলে তাঁহার আসন শূন্য হইবে।’১৯৯১ সালের ১৮ সেপ্টেম্বর সংবিধানের দ্বাদশ সংশোধনীতে এ অনুচ্ছেদের ব্যাখ্যা হিসেবে উপ অনুচ্ছেদ সংযুক্ত করা হয়। ওই ব্যাখ্যায় বলা হয়, ‘কোনো সদস্য, যে দল তাঁহাকে নির্বাচনে প্রার্থীরূপে মনোনীত করেছেন, সেই দলের নির্দেশ অমান্য করে (ক) সংসদে উপস্থিত থেকে ভোটদানে বিরত থাকেন অথবা (খ) সংসদের কোনো বৈঠকে অনুপস্থিত থাকেন, তা হলে তিনি উক্ত দলের বিপক্ষে ভোটদান করেছেন বলে গণ্য হবেন।’ অর্থাৎ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদে ভোট দেওয়ার, ভোটদানে বিরত বা সংসদে অনুপস্থিত থাকার সুযোগ নেই।সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে বলেন, বর্তমান বিরোধীদলীয় নেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে খুশি করার জন্যই সে সময় এ সংশোধনী আনা হয়েছিল।টেকনোক্র্যাট মন্ত্রীর বিধান সংশোধনে মত: সূত্র জানায়, বিশেষ কমিটির বেশির ভাগ সদস্য সংবিধানের ৫৬ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন। এই অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী যে সংখ্যা নির্ধারণ করবেন, সে অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। মন্ত্রীদের ৯০ শতাংশ হতে হবে সংসদ সদস্য এবং বাকি ১০ শতাংশ টেকনোক্র্যাট কোটায় নিয়োগ করা যাবে।এই বিধানের আওতায় বর্তমান সরকার আইনমন্ত্রী শফিক আহমেদ এবং বিজ্ঞান ও তথ্য যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানকে নিয়োগ দিয়েছে।সূত্র জানায়, কমিটির অধিকাংশ সদস্য এই বিধান সংশোধন করে এ-সংক্রান্ত বাহাত্তর সালের অনুচ্ছেদ ফিরিয়ে আনার পক্ষে। বাহাত্তরের অনুচ্ছেদে বলা হয়েছিল, মন্ত্রী পদে নিযুক্ত হওয়ার সময় কোনো ব্যক্তি সাংসদ না হয়ে থাকলে, নিয়োগের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসতে হবে। তা না হলে তিনি মন্ত্রী পদে থাকার যোগ্য হবেন না।