জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু ১৮ আগস্ট
নবম জাতীয় সংসদের দশম অধিবেশন ১৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে।আজ বুধবার রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।গত ৭ জুলাই নবম জাতীয় সংসদের নবম (বাজেট) অধিবেশন শেষ হয়। সংবিধান ও সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন শুরু হওয়ার কথা। এ হিসেবে আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে সংসদের দশম অধিবেশন শুরু করতে হবে। কিন্তু ২ সেপ্টেম্বর ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। পবিত্র রমজানের পর ঈদুল ফিতর উদযাপনের জন্য অধিকাংশ সাংসদ নিজ নিজ এলাকায় থাকবেন। এ ছাড়া সরকারি অফিস-আদালত ঈদের পর দুই-তিন দিন বন্ধ থাকে। এসব কারণে রমজানের মধ্যে সংসদের দশম অধিবেশনের আহ্বান করা হয়েছে।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ অধিবেশন দুই থেকে পাঁচ কার্যদিবস পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে ১৮ আগস্ট অনুষ্ঠেয় কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।সূত্র জানায়, সংসদের নবম অধিবেশনে মোট ৩০ কার্যদিবসে উত্থাপিত ১৯টি বিলের মধ্যে আটটি বিল পাস হয়। বাকি ১১টি বিলের মধ্যে আসন্ন দশম অধিবেশনে সাত-আটটি বিল পাস হতে পারে। এসব বিলের তালিকায় রয়েছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল ২০১০, ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল ২০১০, আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল ২০১০, উপজেলা পরিষদ (সংশোধন) বিল ২০১০, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল ২০১১, ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিল ২০১১, আইনগত সহায়তা বিল ২০১১, আদালত অবমাননা বিল ২০১১, পশুজবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল ২০১১, বন্যপ্রাণী (সংরক্ষণ) বিল ২০১১, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল ২০১১। বাসস।