জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ ছাড়া বৈঠকে আদালত অবমাননা আইন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন-২০১১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রেসসচিব জানান।জাতীয় স্বাস্থ্যনীতি সম্পর্কে আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পূরণের ধারাবাহিকতায় একটি যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হয়েছে। সবার জন্য সুস্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং চিকিৎসা উপকরণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য।প্রেস সচিব বলেন, স্বাস্থ্যনীতিতে মাতৃমৃত্যুর হার কমানো, জাতীয় স্বাস্থ্য কাউন্সিল গঠন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়ন, সমন্বিত স্বাস্থ্যপরিকল্পনা, বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখতে উৎসাহিত করা, হাসপাতাল বর্জ্যব্যবস্থাপনা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। এ ছাড়া বৈঠকে চিকিৎসকদের ইন্টার্নশিপ এক বছরের স্থলে দুই বছর করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে এক বছর গ্রামে থাকতে হবে। এ শর্ত পূরণ করতে ব্যর্থ হলে চিকিৎসকদের সনদ দেওয়া হবে না।মন্ত্রিসভার আজকের বৈঠকে আদালত অবমাননা আইন-২০১১-এরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ব্রিটিশ আমলে প্রণীত এ আইনটি ভারতে দুইবার (১৯৫২ ও ১৯৭২) এবং পাকিস্তানে একবার সংশোধন করা হয়। কিন্তু বাংলাদেশে কখনো আইনটির সংশোধনী আনা হয়নি।সংশোধনীতে সরকারি কর্মকর্তাদের নামে আদালত অবমাননার মামলা হলে তার খরচ রাষ্ট্র বহন করার কথা বলা আছে। আগে এটা ব্যক্তিগতভাবে খরচ করতে হতো বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী জানিয়েছেন।বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন করার কারণ হিসেবে জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পরীক্ষার্থীদের কাছ থেকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি উন্নয়ন ফি নেওয়া হয়। কোনো আইন না থাকায় এ তহবিল ব্যবহারে জটিলতা দেখা দেয়। এ আইনের আওতায় ১৪ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হবে।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।