জাতীয় স্মৃতিসৌধের সামনে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ নেতা-কর্মীরা বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন।সংঘর্ষের সময় মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধের ভেতরেই ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিকে স্মৃতিসৌধে আসার সময় ভোর সাড়ে পাঁচটার দিকে বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর গাড়িবহরকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় আটকে দেয় পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল ভোর পাঁচটার দিকে স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান নেন। আর খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নেন পর্যটন করপোরেশনের হোটেল ‘জয়ের’ সামনে। ভোর সোয়া ছয়টার দিকে বিএনপির কয়েক শ নেতা-কর্মী স্মৃতিসৌধের মূল ফটকের দিকে এগিয়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেন। তবু তাঁরা এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া করেন। পরে পরিস্থিতি শান্ত করে পুলিশ।ভোর সাড়ে ছয়টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর গাড়িবহর স্মৃতিসৌধে উপস্থিত হয়। এর কিছুক্ষণ পর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আগমনের কথা শুনে বিএনপির নেতা-কর্মীরা আবারও মূল ফটকের দিকে এগিয়ে যান। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। একপর্যায়ে সংঘর্ষ বাধলে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এর পরও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তিনটি যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি শান্ত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধ থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন।এ ব্যাপারে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনোয়ার হোসেন বলেন, স্মৃতিসৌধের মূল ফটকের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া পরিস্থিতি শান্তই ছিল।সাভারে আওয়ামী লীগের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, ‘এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বরং মধ্যস্থতার ভূমিকায় থেকে পরিস্থিতি শান্ত করেছেন।’সাংসদ মুরাদের সঙ্গে দ্বিমত পোষণ করে সাভারের সাবেক সাংসদ আশুলিয়া থানা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।’খালেদার গাড়িবহরে বাধা: খালেদা জিয়া দলীয় নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে ঢাকা ছাড়েন ভোর পাঁচটার আগে। তখনো স্মৃতিসৌধে পৌঁছাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার গাড়িবহর সাভার পার হয়ে স্মৃতিসৌধের কাছাকাছি এলে ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় আটকে দেয় পুলিশ। প্রধানমন্ত্রী ঢাকায় ফেরার পর সকাল পৌনে সাতটার দিকে অবরোধ তুলে নেয় পুলিশ। এরপর স্মৃতিসৌধে যেতে পারেন খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা।পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা খালেদা জিয়ার গাড়িবহর আটকে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর বিরোধীদলীয় নেতার স্থান। তাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ থেকে চলে যাওয়ার পরে বিরোধীদলীয় নেতার সেখানে উপস্থিত হওয়ার কথা। কিন্তু বিরোধীদলীয় নেতা এই প্রটোকল ভেঙে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আসার এক ঘণ্টা আগেই চলে আসেন। এ কারণেই বিশমাইলে তাঁর গাড়িবহর আটকে রাখা হয়। যদিও অসুস্থতার কারণে রাষ্ট্রপতি স্মৃতিসৌধে আসতে পারেননি। ব্যানার-ফেস্টুন ভাঙচুরের অভিযোগ: বিজয় দিবস উপলক্ষে সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সাঁটানো বিএনপির ব্যানার, পোস্টার ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির নেতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এ অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের ওপর ক্ষমতাসীনদের এ ধরনের আচরণ খুবই দুঃখজনক। তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, এসব বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের।