জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ওষুধ ফেলে দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের জাতীয় হৃরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ ১০ লাখ টাকার ওষুধ ফেলে দিচ্ছে। চিকিৎসা নিতে আসা রোগীদের না দিয়ে বিপুল পরিমাণ ওষুধ গুদামে রাখা হয়েছিল। এখন কর্তৃপক্ষ বলছে, এসব ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ওষুধ ফেলে দিতে কমিটিও গঠন করা হয়েছে।এ ব্যাপারে হাসপাতালের পরিচালক আবুল হোসেইন খান চৌধুরী প্রথম আলোকে বলেন, বহির্বিভাগে রোগীদের ওষুধ বিতরণ করা হলে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের ওষুধ সরবরাহে ঘাটতি হতে পারে—এই আশঙ্কা থেকে তাঁরা বহির্বিভাগের রোগীদের ওষুধ দেন না। এ কারণে কিছু ওষুধ বছর শেষে বেঁচে গেছে। সেই ওষুধই ফেলে দেওয়া হচ্ছে।তবে হাসপাতালের একাধিক চিকিৎসক বলেছেন, জীবন রক্ষাকারী ওষুধই ফেলে দিতে হবে। অব্যবস্থাপনাই এই ক্ষতির কারণ। তাঁরা বলেন, হঠাৎ করেই কোনো ওষুধের মেয়াদ শেষ হয় না। এসব ওষুধ সহজেই বহির্বিভাগে বিতরণ করা যেত। কিন্তু তা করা হয়নি।গত বৃহস্পতিবার রাজধানীর রমনার সিদ্ধেশ্বরীর বাসিন্দা সাদিকুর রহমান হাসপাতালের বহির্বিভাগে আসেন। চিকিৎসকেরা ব্যবস্থাপত্রে একাধিক ওষুধের নাম লিখে দেন। তবে হাসপাতাল থেকে তাঁকে কোনো ওষুধ দেওয়া হয়নি। এই প্রতিবেদককে তিনি বলেন, হাসপাতালের লোকজন বলেছে ওষুধ নেই।বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা জাহানারা বেগমের ব্যবস্থাপত্রে দেখা যায়, তিনি হূদেরাগে ভুগছেন। চিকিৎসক আট ধরনের ওষুধ (বড়ি, ক্যাপসুল ও সিরাপ) ব্যবস্থাপত্রে লিখে দিয়েছেন। ওষুধ চাইলে চিকিৎসক জানিয়ে দেন, বহির্বিভাগের রোগীদের বিনা মূল্যে কোনো ওষুধ দেওয়া হয় না। এই হাসপাতালে বহির্বিভাগে আসা কোনো রোগীই আসলে ওষুধ পায় না।হাসপাতালে চিকিৎসাধীন একাধিক ওয়ার্ডের বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতাল থেকে কিছু কম দামি ওষুধ তাদের দেওয়া হয়। বেশির ভাগ দামি ওষুধ তাদের বাইরে থেকে কিনতে হয়।সূত্র জানায়, ওষুধ গুদামের দায়িত্বে থাকা ফার্মাসিস্ট বিষ্ণুপদ দাস ৯ জানুয়ারি হাসপাতালের পরিচালককে লেখা চিঠিতে জানান, ১৩ ধরনের ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এর মধ্যে কিছু ওষুধ উৎপাদনকারী কোম্পানি এই হাসপাতালকে বিনা মূল্যে দিয়েছিল। বিষ্ণুপদ চিঠিতে ওষুধগুলো দ্রুত ধ্বংস করার জন্য একটি কমিটি গঠনেরও আবেদন জানিয়েছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধের মধ্যে আছে: অ্যাসপ্রিন, ডিলটিয়াজেম (দুই ধরনের), গ্লিক্লাজাইড, গ্লিবেনক্লামাইড, আইসোসরবাইড, আইসোসরবিড, লিসোনোপ্রিল, নাইট্রোগ্লিসারিন, পটাশিয়াম ক্লোরাইড, রেমিপ্রিল, ক্যাপসুল ফেনোফিব্রেট ও সিরাপ ফ্রুসিমাইড। চিকিৎসকেরা জানিয়েছেন, এসব ওষুধ হূদেরাগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, চর্বি নিয়ন্ত্রণ, শরীরের বাড়তি পানি কমানোর জন্য ব্যবহার করতে রোগীদের পরামর্শ দেওয়া হয়। হিসাব করে দেখা গেছে, খুচরা বাজারে এসব ওষুধের দাম প্রায় ১০ লাখ টাকা।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর সব সরকারি হাসপাতালে বহির্বিভাগে রোগীদের বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। ব্যতিক্রম হূদেরাগ ইনস্টিটিউটের বহির্বিভাগ। হাসপাতালের আবাসিক চিকিৎসক কাজল কর্মকার প্রথম আলোকে বলেন, অনেক বছর ধরে হাসপাতালের বহির্বিভাগে রোগীদের বিনা মূল্যে ওষুধ দেওয়া বন্ধ আছে। বহির্বিভাগ থেকে গরিব রোগীদের ওষুধ দেওয়ার জন্য তিনি পরিচালকের কাছে লিখিত আবেদন করেছিলেন। তবে কোনো জবাব পাননি। হাসপাতালের পরিচালক গত বৃহস্পতিবার এই প্রতিবেদকের উপস্থিতিতে বিষ্ণুপদ দাসের কাছে ওষুধের মেয়াদোত্তীর্ণ হওয়ার ব্যাপারে জানতে চান। বিষ্ণুপদ পরিচালককে বলেন, বহির্বিভাগে রোগীদের ওষুধ দেওয়া হয় না বলে বছর শেষে ওষুধ রয়ে গেছে। তবে পরিচালক প্রথম আলোকে বলেন, সরকার এই হাসপাতালের জন্য বার্ষিক বেশি বাজেট দিলে বহির্বিভাগে রোগীদের ওষুধ দেওয়া সম্ভব হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ফেলে দেওয়া হবে।