জাদুকরি তবলায় মুগ্ধ শ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে মেঘ নেই। তাতে কী? বৃষ্টি ঠিকই নামল। তবলার বোলে মিলনায়তনভর্তি শ্রোতার শ্রবণে বৃষ্টিধারার আবেশ নিয়ে এসেছিলেন বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে তিনি শ্রোতাদের জাদুকরি বাদনে সম্মোহিত করে রেখেছিলেন। অনুষ্ঠানের আয়োজক প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপ। ‘ওস্তাদ জাকির হোসেন সন্ধ্যা’ নামের এই অনুষ্ঠানে তাঁর পিতা কিংবদন্তিসম তবলাবাদক প্রয়াত ওস্তাদ আল্লা রাখা খানকে সম্মাননা জানানো হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমেরিকায় পণ্ডিত রবিশংকর আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ অংশ নিয়েছিলেন ওস্তাদ আল্লা রাখা খান। গতকাল বর্ণাঢ্য এ অনুষ্ঠানটি পরিণত হয় শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পদস্থ সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের মিলনমেলায়।অনুষ্ঠানের শুরুতে ওস্তাদ জাকির হোসেনের হাতে আল্লা রাখা খানের সম্মাননা স্মারক তুলে দেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। এর আগে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।অনুষ্ঠানে লতিফুর রহমান বলেন, একাত্তরের কনসার্ট ফর বাংলাদেশ বিশ্বমানবতাকে জাগ্রত করেছিল এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত তৈরিতে ভূমিকা রেখেছিল। ওস্তাদ জাকির হোসেন আমন্ত্রণ গ্রহণ করে ঢাকায় বাদন করতে আসায় তিনি তাঁকে ধন্যবাদ জানান।স্বাগত বক্তব্য্রেমতিউর রহমান বলেন, জাকির হোসেন প্রাচ্য ও পাশ্চাত্য সংগীতের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছেন। তাঁর অনন্য বাদনশৈলীর জন্যই বিশ্বজোড়া সংগীতরসিকদের কাছে জনপ্রিয় ও সম্মানিত হয়েছেন। জাকির হোসেনের পিতা এবং কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম সদস্য প্রয়াত ওস্তাদ আল্লা রাখাসহ ওই কনসার্টের সব সদস্যকে স্মরণ করে তিনি বলেন, সেদিন তাঁদের সংগীত বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল। মতিউর রহমান আরও বলেন, ‘এ বছর স্বাধীনতার ৪০ বছর পূর্তি হচ্ছে। আমরা সবাইকে দেশকে মায়ের মতো ভালোবাসার আহ্বান জানিয়েছি। একই সঙ্গে দেশে এবং দেশের বাইরে আমাদের মহান মুক্তিযুদ্ধে যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছি।’ অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল ফায়ার ওয়ার্কস।এর পর থেকে কেবলই মুগ্ধতার পালা। সারেঙ্গিতে কিরোয়ানি রাগে আলাপ শুরু করেছিলেন ওস্তাদ সাবির খান। তার সঙ্গে জাকির হোসেন ধা ধিন ধিন তা বোলে বিলম্বিত তিন তালে পেশকার দিয়ে পরিবেশনা শুরু করেন। এরপর একে একে তিনি সেলামি, কায়দা, রেলা ও টুকরা পরিবেশন করেন। বাদনের ফাঁকে ফাঁকে পরিবেশনার বিষয়টি জানিয়ে দিচ্ছিলেন। মুখে বোল তুলে সেটিকে বাজিয়ে শুনিয়েছেন। সরস কথোপকথন ছিল মাঝেমধ্যে। যেমন ‘কায়দা’ বাজানোর আগে বললেন, ‘এবার শুনুন কায়দা। তবে এটি আল-কায়দা নয়।’ বড়ই বৈচিত্র্যময় ছিল তাঁর পরিবেশনা। কখনো দ্রুত, কখনো ধীরে খাদে নেমে যাচ্ছিল তাল-লয়। একপর্যায়ে বললেন, ‘এবার বৃষ্টির তাল।’ তারপর যে জিনিস তিনি পরিবেশন করলেন, তা এককথায় বিস্ময়কর। এক বাঁয়ার সঙ্গে একজোড়া ডাইনা (তবলা)। ডাইনার ওপর আঙুলের চাঁটিতে মনে হলো কখনো বৃষ্টি পড়ছে টিনের চালে, কখনো তার রিমঝিম লয়, কখনো মুখর বৃষ্টির ঝমঝম শব্দ। মাঝে মাঝে বাঁয়াতে (ডুগি) মন্দ্রস্বরে গুমগুম মেঘের গর্জন। বৃষ্টি পর্বের পর শোনালেন রেলের গতি। সেই যে ‘রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম’ ছড়ার ছন্দ, যেন সেই ছন্দ উঠে এল বাদনের মাহফিলে। বিভিন্ন ছন্দে বাজিয়েছেন জাকির হোসেন। কখনো দ্রুত ছুটে চলা ঘোড়ার খুরের শব্দ, কখনো ঝরনাধারার কলতান, কখনো বা বজ্রধ্বনি। ঘণ্টা খানেক সুরতালের ইন্দ্রজালে মোহিত করে রেখেছিলেন দুই ওস্তাদ।১৯৯৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ‘ভারত উৎসবে’ ওস্তাদ আল্লা রাখা খান সঙ্গে নিয়ে এসেছিলেন পুত্র জাকির হোসেন ও ওস্তাদ ফজল কোরেশি এবং ওস্তাদ সুলতান হোসেন খানকে। পিতা বেঁচে নেই। ওস্তাদ জাকির হোসেন পিতার সম্মাননা গ্রহণ করতে সঙ্গে নিয়ে এসেছেন ওস্তাদ সুলতান হোসেন খানের পুত্র সাবির খানকে।বাদন শেষে তাঁদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অভিনন্দন জানান শিল্পী ফেরদৌসী রহমান, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন।