গ্যালারির ঠিক মাঝখানে টুকটুকে লাল জামদানি শাড়ি গায়ে জড়ানো এক নারী। তাঁর মাথায় টিকলি, গলায় হার, কোমরে বিছা, পায়ে নূপুর। কারুমণ্ডিত এসব অলংকার তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক। যেন অলংকার আর নারী পরিপূরক। এই অলংকার দিয়ে সাজানো হয়েছে গ্যালারি। চারদিকে অলংকারের সমাহার। হঠাৎ করে মনে হতে পারে কোনো অভিজাত বিপণিবিতান, যা সাজানো হয়েছে শত শত বছরের স্মৃতিজড়িত মূল্যবান সব অলংকার দিয়ে।জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে এই বিশেষ অলংকার প্রদর্শনী। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। জাদুঘরের এ পর্যন্ত সংগৃহীত নিদর্শনগুলোর মধ্য থেকে ৫০০টি অলংকার বাছাই করে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, জাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগে প্রাচীন অলংকারসহ কুড়ি শতকের আধুনিক অলংকারের এক হাজার ৭৬০টি সংগ্রহ রয়েছে। এর মধ্যে প্রদর্শনীতে রয়েছে হাঁসুলি, চুড়ি, খাড়ু, বালা, মল, নূপুর, মানতাসা, গলার হার, বিছা, কানের দুল, ঝুমকা, টায়রা, টিকলি, লকেট, বাজুবন্দ, নাকফুল, মুকুট, আঙটি, চুলের কাঁটা প্রভৃতি। প্রদর্শনী চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।স্বপ্নদলের সেলিম আল দীন স্মরণোৎসবনাট্যাচার্য সেলিম আল দীনের চতুর্থ প্রয়াণবার্ষিকী উপলক্ষে ১৪ জানুয়ারি নাট্যসংগঠন স্বপ্নদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘স্মরণে নাট্যভাষে নাট্যাচার্য সেলিম আল দীন’ শিরোনামে নানা আয়োজনে দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে। উৎসবের উদ্বোধন করবেন নাট্যাচার্যের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা।নড়াইলে শুরু হলো সুলতান মেলানড়াইল প্রতিনিধি জানান, গতকাল নড়াইলে একগুচ্ছ বেলুন আর কবুতর উড়িয়ে সপ্তাহব্যাপী সুলতান মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মসিউর রহমান। শিল্পী এস এম সুলতানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন এবং এস এম সুলতান ফাউন্ডেশন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এই মেলার আয়োজন করেছে।গতকাল সোমবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও তিন দিন আগে থেকেই আশপাশের এলাকার বিভিন্ন দোকানিরা তাঁদের পসরা সাজিয়ে বিকিকিনি শুরু করেন। ফলে উদ্বোধনের আগেই সুলতান মেলা জমে উঠেছে।মেলা উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে দেশের বিশিষ্ট শিল্পীসহ বিভিন্ন জেলার ৪০ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। মেলার মঞ্চে সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলা আয়োজনে প্রতিবছরের মতো এবারও সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।