আলোর রোশনাইয়ে ভরে উঠেছিল শাহবাগের জাতীয় জাদুঘর প্রাঙ্গণ। কুয়াশাঢাকা সন্ধ্যায় ভবনের সামনে অসংখ্য প্রদীপে আলোর বিন্দু। সেখান থেকেই ওড়ানো হলো রঙিন ফানুস। আলোঝলমলে পরিবেশ আর সমাগত মানুষের উচ্ছ্বাস জানিয়ে দেয় মহান বিজয় দিবস সমাগত। বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাদুঘর প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ দিয়ে আলোকসজ্জা ও ফানুস ওড়ানো হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্বালন ও ফানুস উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। সভাপতিত্ব করেন জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান।শিশু একাডেমীতে বিজয়ের অনুষ্ঠান: বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে শিশু একাডেমীর বিজয়ের অনুষ্ঠানমালা। একাডেমী প্রাঙ্গণে সকালে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিশুদের মধ্যে তিনটি বিভাগে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে একাডেমীর মুক্তমঞ্চে ছিল আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। শিশু একাডেমীর চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক সচিব তারিক-উল-ইসলাম ও একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ।আজ বিজয় শোভাযাত্রা: ‘মুক্তিযুদ্ধের শেষ নাই, যুদ্ধাপরাধীর ক্ষমা নাই’ স্লোগান নিয়ে আয়োজিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের গতকাল বৃহস্পতিবার ছিল তৃতীয় দিন। এদিন রাজধানীর বিভিন্ন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা বের করা হবে। শহীদ মিনারে গতকাল দলীয় সংগীত পরিবেশন করে উদীচী, আওয়ামী শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী ও বহ্নিশিখা। একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন মলয় কুমার গাঙ্গুলী, শিবু রায়, রূপু খান, সালমা চৌধুরী, মাহবুব রিয়াজ, শেখ আওয়াল হক, শামীম আল-মামুন, আবিদা রহমান, সফিউল আলম ও মহাদেব ঘোষ। দলীয় আবৃত্তি পরিবেশন করে চারুকণ্ঠ ও সংবৃতা। দলীয় নৃত্য পরিবেশন করে সুকন্যা। দৃষ্টিপাত নাট্য সংসদ ও মৈত্রী থিয়েটার মঞ্চস্থ করে পথনাটক। প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র জীবন থেকে নেয়া।রবীন্দ্রসরোবরে ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা শিল্পী ইমদাদ হোসেন মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ, ক্রান্তি, পঞ্চভাস্বর ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।এ ছাড়া রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিশুক মুনীর ও তারেক মাসুদ মঞ্চ (স্বোপার্জিত স্বাধীনতা চত্বর), শিল্পী অজিত রায় মঞ্চ (কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজ, পল্লবী-মিরপুর), মুক্তিযোদ্ধা আলোকচিত্রী রশীদ তালুকদার মঞ্চ (দনিয়া), শহীদ মতিউর রহমান মঞ্চ (শিশু একাডেমী), সেক্টর কমান্ডার লে. কর্নেল কাজী নূরউজ্জামান মঞ্চ (বাহাদুর শাহ্ পার্ক) ও শিল্পী ড. মৃদুল কান্তি চক্রবর্তী মঞ্চেও (উত্তরা) অনুষ্ঠিত হয়েছে গান, নাচ, আবৃত্তি ও চলচ্চিত্র প্রদর্শনী।