জাদুঘরে একুশ নিয়ে বিশেষ প্রদর্শনী
ভাষাশহীদদের রক্তে সিক্ত হয়েই বাঙালি নতুন করে তার আত্মপরিচয় খুঁজে পায়। একুশের চেতনায় বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং বিকাশ ঘটতে থাকে। একুশ বাংলাদেশের স্বাধীনতার গোড়াপত্তন করেছে। একুশ আমাদের প্রেরণা জুগিয়েছে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে। একুশ আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।একুশ ষাট বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।গত শনিবার জাদুঘরের প্রধান লবিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসংগ্রামী হালিমা খাতুন। স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। সভাপতিত্ব করেন জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ বাংলা লিপির ক্রমবিবর্তন। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী অবধি এই ক্রমবিবর্তন উপস্থাপিত হয়েছে। রয়েছে ৪০টি দুর্লভ আলোকচিত্র। এ ছাড়া তৎকালীন আজাদ পত্রিকায় প্রকাশিত রাষ্ট্রভাষা আন্দোলনের বিবরণ, ভাষা আন্দোলনের প্রথম কবিতা ও প্রথম গান, স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার প্রতিবাদে রচিত গান, ভাষা আন্দোলনের প্রথম জনপ্রিয় গান, একুশের অমর সংগীত, ভাষা আন্দোলনের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি গ্রন্থের প্রচ্ছদ, ভাষা আন্দোলনের প্রচারপত্র, ভাষা আন্দোলনের কার্টুন, শহীদ সফিউর রহমানের রক্তমাখা কোট ও শার্ট, একুশের অমর সংগীতের সুরকার আলতাফ মাহমুদের হারমোনিয়াম এবং পাঁচজন ভাষাশহীদের ভাস্কর্যের মাধ্যমে রাষ্ট্রভাষা আন্দোলনের সচিত্র ইতিহাস (১৯৪৭-১৯৫৬) উপস্থাপিত হয়েছে এই প্রদর্শনীতে।