জাদুঘরে হাতের লেখা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা। সকালে জাতীয় জাদুঘরে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্ন বোর্ডের সদস্য শিল্পী হাশেম খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক এ হ মো. মতলুব আলী। সভাপতিত্ব করেন জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান। স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। উদ্বোধনী বক্তৃতায় শিল্পী হাশেম খান বলেন, হাতের লেখা একধরনের শিল্পকর্ম। আমাদের সংবিধান হাতে লেখা। মুদ্রণযন্ত্রে ছাপার চেয়ে হাতের লেখার বিশেষ তাৎপর্য রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি হাতের লেখা সুন্দর করার জন্য জাদুঘরের এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী এবং প্রশংসার দাবিদার।জাতীয় জাদুঘরসহ শাখা জাদুঘর আয়োজিত প্রতিযোগিতায় ক, খ, গ এবং ঘ বিভাগে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রায় ৬০০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। শাখা জাদুঘরগুলোর মধ্যে রয়েছে আহসান মঞ্জিল জাদুঘর, সিলেটের ওসমানী জাদুঘর, চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর ও ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা।