বাংলাদেশের মিঠাপানির ২৬৫ প্রজাতির মাছের মধ্যে ২৩০ প্রজাতির মাছ সংরক্ষণ করা হয়েছে। বাকিগুলোও সংগ্রহের কাজ চলছে। শুধু মাছ নয়, সংরক্ষেণের তালিকায় আছে জলের রাজ্যে বিচরণ করা চুনোপুটি থেকে শুরু করে জলদানব। আছে দেশের মৎস্য ঐতিহ্যের সুপরিসর ইতিহাস ও নিদর্শন। নাম দেওয়া হয়েছে ফিশ মিউজিয়াম অ্যান্ড বায়োডাইভার্সিটি সেন্টার (এফএমবিসি)। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠা করেছে এই মৎস্য জাদুঘর। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটিই একক মৎস্য জাদুঘর। আগামী বছর থেকে ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ সংরক্ষণের কাজ শুরু করা হবে। বিলুপ্ত এবং বিলুপ্তপ্রায় সব দেশীয় ও সামুদ্রিক মাছ এবং জলজ প্রাণী সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে মৎস্য জাদুঘর প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ বছর আগে নমুনা সংগ্রহের কাজ শুরু করেন বাকৃবির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক মোস্তাফা আলী রেজা হোসেন ও যুক্তরাজ্যের স্টারলিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এন ডি সিন। মূলত তাঁদের উদ্যোগে জাদুঘরটি করা সম্ভব হয়েছে। উদ্যোক্তাদের সহযোগিতা করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন নজরুল ইসলাম ও বর্তমান ডিন আবদুল ওহাবসহ অনুষদের শিক্ষক ও গবেষকেরা। জাদুঘরটির অবকাঠামোগত কাজ শুরু হয় গত বছরের জুন থেকে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মাৎস্য মাঠ গবেষণা কমপ্ল্লেক্সের দোতলায় নিবিড় পরিবেশে জাদুঘরটির অবস্থান। যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইনস্ট্রাক্টর, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের পিএইচডি ফেলো ও ফিশ মিউজিয়ামের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নাহিদুজ্জামান প্রথম আলোকে জানান, বাংলাদেশে মোট ২৬৫ প্রজাতির মিঠাপানির মাছের মধ্যে জাদুঘরটিতে এখন পর্যন্ত মোট ২৩০ প্রজাতির মাছ সংরক্ষণ করা হয়েছে। বাকিগুলোও সংগ্রহের কাজ চলছে। মাছের নমুনাগুলো বিভিন্ন আকারের কাচের পাত্রে ফরমালিনে ডুবিয়ে রাখা হয়েছে। প্রতিটি মাছের ওপর ঝোলানো রয়েছে পরিপক্ব মাছের আলোকচিত্র। তাতে মাছের বৈজ্ঞানিক নামসহ সব তথ্য দেওয়া হয়েছে। জাদুঘরে রয়েছে হাঙর, ডলফিন ও কুমিরের কঙ্কাল এবং কচ্ছপ ও বিভিন্ন প্রজাতির কাঁকড়ার নমুনা। রয়েছে ক্যাট ফিশ, ঘোড়ামুক্ষা, পুটাকান্তি, গুতুমজাতীয় বিভিন্ন বিলুপ্ত মাছ। লন্ডনের ব্রিটিশ ন্যাচারাল মিউজিয়াম, যুক্তরাজ্যের স্টারলিং বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের প্রায় সব জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মৎস্য জাদুঘরের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শিরিন আক্তার, শহীদ নাসরুল্লাহ ও পঙ্কজ কুমার রায় প্রথম আলোকে জানান, মোট পাঁচটি কক্ষ নিয়ে সাজানো জাদুঘরটি। প্রথম কক্ষের ওপর লেখা ফ্রেশওয়াটার ডলফিন অ্যান্ড ফিশ, দ্বিতীয়টিতে অ্যানসিয়েন্ট সি অ্যান্ড মিডিয়া, তৃতীয় কক্ষটিতে সিলোরিফরমিস বা বিড়াল জাতীয় মাছ, চতুর্থটিতে সিপ্রিনিফরমিস বা কার্পজাতীয় মাছ এবং পঞ্চম কক্ষের ওপর লেখা পার্সিফরমিস বা কইজাতীয় মাছ। জাদুঘরের করিডোরে আছে আবহমানকাল ধরে এ দেশের জেলেদের ব্যবহার্য বিভিন্ন ধরনের মাছ ধরার উপকরণ। এ ছাড়াও আছে দেশের মাৎস্য ঐতিহ্যের ইতিহাস ও নিদর্শন। আছে একটি সম্মেলনকক্ষ। বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী ও দর্শনার্থীর জন্য জাদুঘর ও মাছ-সম্পর্কিত অডিও ভিজ্যুয়াল চিত্র প্রদর্শনের ব্যবস্থা আছে তাতে। ফিশ মিউজিয়ামের উদ্যোক্তা ও পরিচালক মোস্তফা আলী রেজা হোসেন প্রথম আলোকে জানান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার তথা দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি জাদুঘরে কিছু প্রজাতির মাছ বা মৎস্য প্রজাতি সংরক্ষণ করা হলেও একক মৎস্য জাদুঘর এখন পর্যন্ত এটিই প্রথম।মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা বলেন, ‘কাগজে-কলমে আমরা ২৬০টি মাছের কথা জানলেও একসঙ্গে সবকটি মাছ দেখা ছিল অসম্ভব ব্যাপার। জাদুঘরে এসে সবকটি মাছ একসঙ্গে দেখতে পেয়ে সত্যিই অভিভূত। ব্যবহারিক জীবনে এগুলো আমাদের খুবই উপকারে আসবে।’জাদুঘর তৈরির উদ্দেশ্য সম্পর্কে মোস্তাফা আলী রেজা হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এবং দেশের সব শিক্ষার্থী ও দর্শনার্থী যাতে সহজেই মাছের সঙ্গে পরিচিত হতে পারে, সে লক্ষ্যেই মূলত এ জাদুঘর গড়ে তোলা হয়েছে। পাশাপাশি বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় সব দেশীয় ও সামুদ্রিক জীববৈচিত্র্য, মাছ ও জলজ প্রাণী সংরক্ষণের মাধ্যমে যাতে ভবিষ্যৎ গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়া যায়, সে লক্ষ্যে এ ধরনের কাজ করছি আমরা। জাদুঘরটি পরিদর্শনের জন্য আপাতত কোনো টিকিট লাগবে না।’ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোস্তাফা আলী রেজা বলেন, ‘আরও বড় পরিসরে এটিকে সম্প্রসারণের কাজ চলছে। আগামী বছর থেকে সমুদ্রে আমদের যে ৪৭৫ প্রজাতির মাছ রয়েছে, তা সংরক্ষণের কাজ শুরু করব। অ্যাকুয়ারিয়াম ও পুকুরের মাধ্যমে জীবিত মাছ সংরক্ষণের জন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩০টি পুকুর বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন।’ এ ছাড়া জাদুঘরটিতে মাৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস নেওয়া হবে বলে তিনি জানান। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজসহ কমপক্ষে ১০টি প্রতিষ্ঠানে মাৎস্য-সম্পর্কিত বিভিন্ন বিভাগ বা কোর্স চালু থাকলেও এত বিশাল সংগ্রহশালা কোথাও নেই। শুধু বই বা ছবি দেখেই চিনতে হতো অনেক মাছ। এ ছাড়া ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কমপক্ষে ২০ থেকে ২৫টি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে এবং আরও ৫০ প্রজাতির মাছ বিলুপ্তির পথে বলে ধারণা করা হচ্ছে। এ জাদুঘর বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় মাছ নিয়ে ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্রে দেশের মাৎস্য বিজ্ঞানীদের জন্য মাইলফলক হয়ে থাকবে।’