জাদুঘরের জমকালো পোশাক
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এখন চলছে পোশাকের বর্ণাট্য সমারোহ। গ্যালারি সাজানো হয়েছে রংবেরঙের বিচিত্র পোশাক দিয়ে। এতে রয়েছে বাংলাদেশের বিশ্বখ্যাত মসলিন, জামদানি, রাজকীয় পোশাক থেকে বাংলাদেশের সমকালীন পোশাক এবং লন্ডনের ঐতিহ্যকেন্দ্রিক সমকালীন পোশাকের চকমপ্রদ উপস্থাপনা।বাংলাদেশ জাতীয় জাদুঘর শতবর্ষ উদ্যাপনে দুই বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির আওতায় জাদুঘর ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে আয়োজিত ১৫ দিনব্যাপী ‘বিনির্মাণ: সাংস্কৃতিক ঐতিহ্য ও সমকালীন ফ্যাশন’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে। গত শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম এবং ব্রিটিশ হাইকমিশনের প্রেস ও কমিউনিকেশন বিভাগের প্রধান রবার্ট মরিটো। সভাপতিত্ব করেন জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি আজিজুর রহমান।প্রদর্শনীতে মূলত দেখানো হয়েছে, পোশাকশিল্পের বিবর্তনে বাংলার সংস্কৃতিতে যেমন ব্রিটিশ ঐতিহ্যের মিশ্রণ ঘটেছে, তেমনি ব্রিটিশ সংস্কৃতি বাংলার ঐতিহ্যবাহী পোশাক দ্বারা প্রভাবিত হয়েছে। বাংলার মসলিন যে সারা বিশ্বে প্রতিনিধিত্ব করেছে, তা-ও তুলে ধরা হয়েছে। আছে আঙ্গরাখা ও কারুকার্যখচিত টুপিসহ বাংলাদেশের আদিবাসী নারীর পোশাক। বিয়ের কনের গায়ে জড়ানো জরির কাজে অলংকৃত বেনারসি শাড়ি থেকে শুরু করে নারী-পুরুষের পোশাক-পরিচ্ছদের হরেক রকমের উপকরণই রয়েছে এখানে। ব্রিটিশ পোশাকগুলোর ডিজাইন করেছেন পিটার জেনসন, পল স্মিত, ওসমান ইউসুফজাদা, সোফিয়া কোকোসালাকি প্রমুখ। এ ছাড়া বাংলাদেশের পোশাকগুলোর ডিজাইন করেছেন রুবি গজনভী, মঞ্জোলিকা চাকমা ও এমদাদ হক। প্রদর্শনী চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।