জাদুশিল্পীর চরিত্রে জয়ন্ত চট্টোপাধ্যায়
‘একজোড়া কালো জুতো’ নামের এক ঘণ্টার নাটকে জয়ন্ত চট্টোপাধ্যায় অভিনয় করছেন একজন জাদুশিল্পীর চরিত্রে। নাটকটিতে জয়ন্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম জাবিদ ইবনে তৈমুর। জীবনের শেষ বেলায় এসে তিনি অনুভব করেন, মানুষকে আনন্দ দিতে গিয়ে নিজের মনের আনন্দ হারিয়ে গেছে।অন্যদিকে নাটকটিতে নিলয় অভিনয় করছেন সাধারণ ছেলের চরিত্রে। তাঁর চরিত্রের নাম বাকের। রাস্তা থেকে কুড়িয়ে এনে বাকেরকে লালন-পালন করে বড় করেছেন জাদুশিল্পী জাবিদ ইবনে তৈমুর। বাকেরের আত্মবিশ্বাস নেই বললেই চলে। জাদুশিল্পী একজোড়া চকচকে কালো জুতা বের করে বাকেরের হাতে দিয়ে বলেন, ‘এই জুতো জোড়ার আশ্চর্য ক্ষমতা আছে।’জাদুশিল্পীর দেওয়া জুতো জোড়া পরে বাইরে বের হয় বাকের। লক্ষ্য করতে থাকে, তার জীবনে সব উল্টো ঘটনা ঘটছে। তবে বাকেরের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে প্রেমের সম্পর্কটি। যে সুজানার সঙ্গে কখনো কথা বলার সাহসও হয়নি, সেই সুজানা নিজেই বাকেরের সঙ্গে কথা বলছে। সুজানা-বাকেরের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা। ‘একজোড়া কালো জুতো’ নাটকের গল্প এটি। নাটকে বাকেরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা।সম্প্রতি তিন দিনব্যাপী ঢাকা এবং আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। একজোড়া কালো জুতো নাটকটি লিখেছেন জাকারিয়া সৌখিন। আর পরিচালনা করেছেন আরিফ-এ-আহনাফ।পরিচালক সূত্রে জানা গেছে, ঈদে এনটিভির বিশেষ অনুষ্ঠানমালায় দেখানো হবে ‘একজোড়া কালো জুতো’ নাটকটি।