সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস ঘটনা সম্পর্কে সংসদীয় কমিটির কাছে লিখিত বক্তব্য দিয়েছেন। মইন উ আহমেদের ভাই সালাউদ্দিন আহমেদ আজ বুধবার সংসদ ভবনে সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব নাইমুল আজম খানের কাছে চিঠিটি পৌঁছে দেন। তিন পৃষ্ঠার ওই চিঠিতে জেনারেল মইন ওই সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তুলে ধরেন। চিঠির শুরুতেই মইন ইউ আহমেদ বলেন, জটিল কিডনি ও হূদরোগে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন। অসুস্থতার কারণে বর্তমানে দীর্ঘপথ ভ্রমণ করে তাঁর পক্ষে দেশে আসা সম্ভব নয়। তাই সংসদীয় উপকমিটির সভাতেও তিনি যোগ দিতে পারছেন না। এ জন্য তিনি লিখিতভাবে তাঁর বক্তব্য পাঠিয়েছেন।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও সেনাসদস্যের মধ্যে সহিংস ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় উপকমিটির সভায় তাঁকে ডাকা হয়েছিল। ১৮ এপ্রিল অনুষ্ঠেয় এ সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকেও ডাকা হয়।চিঠিপ্রাপ্তির কথা স্বীকার করে উপকমিটির প্রধান রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, মইন উ আহমেদের ভাই তাঁর বক্তব্য ও স্বাক্ষরসংবলিত চিঠিটি সংসদীয় কমিটিতে পৌঁছে দিয়েছেন। ১৮ এপ্রিল সংসদীয় কমিটির সভায় এ নিয়ে আলোচনা হবে।চিঠিতে ওই ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে মইন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার সময় সাধারণ নাগরিকদের জানমাল সম্পদ রক্ষা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করেই সেনাবাহিনীকে নামতে হয়েছিল। ওই সময়ের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৈঠক করে এ ব্যাপারে নির্দেশনা দেন।