জানশেরের উত্তরসূরিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের দুপুর। ঢাকা ক্লাবের স্কোয়াশ কোর্ট। লবিতে আয়েশি ভঙ্গিতে বসে আছেন তিনি। পিঠে পড়েছে নরম রোদ। কোলের ওপর ল্যাপটপ। ফেসবুকে চ্যাটিংয়ে মগ্ন পাকিস্তানি স্কোয়াশ খেলোয়াড় ফারহান মেহবুব খান। পাশেই বসে আছেন ফারহান জামান। একটু দূরেই একমনে অনুশীলন করে চলেছেন আমির আলতাস খান। পাকিস্তানের স্কোয়াশ কিংবদন্তি জাহাঙ্গীর খান আর জানশের খানের দেশ থেকে এসেছেন তাঁরা। বেশ কৌতূহল ভরেই তাঁদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম। হাসতে হাসতে বললেন, ‘জানশের খান তো আমার চাচা।’ তাই নাকি? ‘হ্যাঁ, আমার আপন চাচা। আমরা এক পরিবারেরই সদস্য।’‘আসলে স্কোয়াশটাই একটা পারিবারিক খেলা’—হাসতে হাসতে পাশ থেকে তাঁর কথার সূত্র ধরলেন আরেক স্কোয়াশ খেলোয়াড় ফারহান জামান।এক পরিবারের মতোই তো! কেউ চাচাতো ভাই, কেউ ফুফাতো। তাঁদের বাইরে যে স্কোয়াশে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার তেমন কেউ নেই!ঢাকা কেমন লাগছে? ‘আমি তো পেশোয়ারের ছেলে। ওখানে শীতকালে তাপমাত্রা বেশির ভাগ সময়ই থাকে মাইনাস দুই ডিগ্রি। সেই হিসাবে ঢাকা শহর অনেক গরম।’ একটু গরম লাগাই স্বাভাবিক। মাইনাস দুই ডিগ্রি তাপমাত্রা থেকে ২০-২২ ডিগ্রি কি সহজ কথা!প্রথমবারের মতো ঢাকায় দক্ষিণ এশীয় গেমসে খেলতে পেরে খুবই ভালো লাগছে তাঁর। এখানে খেলাটা উপভোগও করছেন তিনি।জানালেন, ছোটবেলা থেকেই দেখতেন চাচা স্কোয়াশ খেলছেন। চাচার খেলা দেখে দেখেই স্কোয়াশের প্রতি আগ্রহের জন্ম এবং খেলোয়াড় হয়ে ওঠা।জানসের খান স্কোয়াশ ছেড়ে দিয়েছেন অনেক আগে। কিন্তু এখনো স্কোয়াশ ছাড়েনি তাঁকে। পাকিস্তান স্কোয়াশ ফেডারেশনের উপদেষ্টার কাজ করেছেন একসময়। তবে অন্য কর্মকর্তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় রাগ করে ফেডারেশন থেকে বেরিয়ে এসেছেন। এখন নিজের পারিবারিক ব্যবসা দেখছেন এবং কোচিং করান ছোটদের।বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে পাকিস্তানি খেলোয়াড়দের কারোরই উঁচু ধারণা দেখা গেল না। রঞ্জন কুমার, মাসুদ পারভেজ, স্বপন পারভেজদের কোথায় সমস্যা জিজ্ঞাসা করতেই বললেন, ‘এখানে খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিসের বড়ই অভাব, নেই খেলাধুলার কোনো কোর্ট। হাসতে হাসতে বললেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৩ দলের খেলোয়াড়দের সঙ্গে খেললেই ওরা হারবে!’ বাংলাদেশে কি এই প্রথম এলেন, ‘প্রশ্নটা শুনে মুচকি হাসলেন ফারহান মেহবুব। বললেন, ‘হ্যাঁ। এটা প্রথমবারের মতো। এখানে খেলাটা দারুণ উপভোগ করছি। এখানকার মানুষগুলো খুব ভালো। সবাই অতিথিপরায়ণ। পাকিস্তান দলে খেলছেন তাঁর বন্ধু মনসুর জামান। দলীয় ম্যানেজার এবং এক সময়ের বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা কামরুজ্জামানের ছেলে মনসুর। কামরুজ্জামানও ছেলের প্র্যাকটিস দেখছিলেন একমনে। কাছে গিয়ে কথাবার্তা বলতেই বেশ আক্ষেপ করেই বলতে শোনা গেল, ‘কী বলব ভাই, একসময় জাহাঙ্গীর, জানশের আর আমি কোর্ট মাতিয়ে রাখতাম। কিন্তু এখন আর সেই সোনালি দিন নেই।’ কেন? প্রশ্ন করতেই হতাশার সুরে বললেন, ‘এখনকার তরুণেরা খুব অলস। বেশি পরিশ্রম করতে চায় না ওরা। অথচ আমি যখন প্রথম ১৯৭২ সালে খেলা শুরু করি তখন আমার সঙ্গে পেরে উঠত না অনেকেই। ১৯৭৫, ১৯৭৮ ও ১৯৮১ সালে এক নম্বর র্যাঙ্কিংয়ে ছিলাম। টানা ১১ বছর ছিলাম দুই নম্বরে। ১৯৯৯ সালে আমি অবসরে গেছি।’ কী আশ্চর্য! এখন সেই দেশের কোনো খেলোয়াড়ই নেই র্যাঙ্কিংয়ের সেরা দশে! বদিউজ্জামান