জানা অজানা
টেস্টে মুরালিধরনের বলে সবচেয়ে বেশি ১২ বার আউট হয়েছেন মার্ক বাউচার। শুরুতে ছিলেন পেসার। স্কুলে পড়ার সময় পেস ছেড়ে স্পিন করতে শুরু করেন স্কুল কোচ সুনীল ফার্নান্দোর পরামর্শে। পরিবার চেয়েছিল লেখাপড়াকেই ধ্যানজ্ঞান করুক মুরালি। পড়াশোনার জন্য ইংল্যান্ডেও পাঠানো হয়েছিল। কিন্তু ক্রিকেটের টানে এক মাস পরই শ্রীলঙ্কায় ফিরে আসেন কিশোর মুরালি। ক্যান্ডির সেন্ট অ্যান্থনি কলেজে পড়ার সময় শেষ দুই মৌসুমে স্কুল ক্রিকেটে নিয়েছেন এক শর বেশি উইকেট। প্রতিভার প্রথম স্বীকৃতি হিসেবে পান স্কুল ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। ওয়ানডেতে মুরালির সর্বোচ্চ স্কোর ৩৩ রান। ইনিংসের মাহাত্ম্যটা হলো—১৬ বলের এই ইনিংসটাই বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার নিশ্চিত পরাজয়কে জয়ে রূপান্তরিত করেছিল। মুরালিধরনকে ‘বোলিংয়ের ব্র্যাডম্যান’ বলে অনেকে। এই উপাধিটা দিয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ। মুরালিধরন ‘ফাউন্ডেশন অব গুডনেস’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠান চালান। দুস্থ শিশুদের পড়াশোনা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি অভাবী মানুষকে বিভিন্ন রকমের সহযোগিতাও করে থাকে এই প্রতিষ্ঠান। ২০০৪ সালের জুনে শুভেচ্ছা দূত হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে যুক্ত হন। দারিদ্র্যের বিপক্ষে জাতিসংঘের লড়াইয়ে একাত্ম হন। মুরালিধরনকে নিয়ে গান লিখেছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত সংগীতব্যক্তিত্ব অলস্টন কচ। মুরালি সম্পর্কে মানুষের আগ্রহ সৃষ্টি করাই ছিল তাঁকে নিয়ে কচের গান লেখার উদ্দেশ্য। ক্যান্ডিতে বিস্কুট কারখানা আছে মুরালি পরিবারের। শ্রীলঙ্কার বাইরে মধ্যপ্রাচ্যে, এমনকি ইংল্যান্ডেও রপ্তানি হয়ে মুরালিদের বিস্কুট।