জানাজা পড়া ও বিয়েবাড়িতে অতিথি হওয়া ছাড়া আমাদের কোনো কাজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার এখন একটি প্রতিবন্ধী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জানাজা ও বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়া ছাড়া উপজেলা চেয়ারম্যানদের এখন কোনো কাজ নেই। পরিস্থিতি এখন এমন, চেয়ারম্যানরা যদি শুধু স্থানীয় দলীয় নেতা হতেন, তাহলেও হয়তো তাঁদের হাতে অনেক কাজ থাকত।গতকাল জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘স্থানীয় সরকার: সমস্যা, সম্ভাবনা ও এ সময়ের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় উপস্থিত বিভিন্ন এলাকার উপজেলা চেয়ারম্যানরা এসব অভিযোগ করেছেন। মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সুজনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তোফায়েল আহম্মেদের মূল প্রবন্ধটি পাঠ করেন প্রতিষ্ঠানটির সম্পাদক বদিউল আলম মজুমদার। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. মনিরুজ্জামান মিঞা, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান, কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল মজিদ, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সদস্যসচিব বদিউজ্জামান বাদশা, ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সুধীন কুমার সরকার ও নারায়ণগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির প্রমুখ বক্তব্য দেন। আলোচনার মূল প্রবন্ধে প্রশ্ন রেখে বলা হয়, দুই বছরের বেশি সময়ের মেয়াদ উত্তীর্ণ ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ ও তিন শ পৌরসভা এখন প্রায় অচল। এসব প্রতিষ্ঠান এখন কাজ করার নৈতিক অধিকার হারিয়েছে। কিন্তু এই পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নিয়ে নানা রকম প্রকল্প রচনা ও সম্পদপ্রবাহ চলছে। নির্বাচন অনিশ্চিত রেখে এ রকম অন্তর্বর্তী সময়ে অর্থসম্পদ বরাদ্দ করা হলে ওই সম্পদের সঠিক ব্যবহার কখনোই হয় না এবং হচ্ছেও না। তাই এই সময়ের অপচয়ের দায়ভার কে নেবে বলে প্রশ্ন তোলা হয় অনুষ্ঠানে। মোজাফ্ফর আহমদ বলেন, বর্তমান স্থানীয় সরকারে ক্ষমতার দ্বন্দ্ব বিরাজ করছে। এক ঘরে দুই পীর কখনোই হয় না। কিন্তু বর্তমানে ক্ষমতার ভাগাভাগি করতে গিয়ে সেই কাজই হচ্ছে। বিভিন্ন স্তরে নির্বাচিত নেতৃত্ব আসছে। এখন দায়িত্ব দিয়ে দায়বদ্ধতার মাধ্যমে তাঁদের গুণগত পরিবর্তন করতে হবে। এতে জাতীয় নেতৃত্বেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম মনিরুজ্জামান বলেন, ‘জনবহুল দেশে অনেক সমস্যা থাকবে। আর এসব সমাধানের জন্য শক্তিশালী স্থানীয় সরকার প্রয়োজন। গণতন্ত্রের জন্যও এটি প্রয়োজন। কিন্তু বিস্মিত হতে হয়, নির্বাচিত সরকারের সময় নির্বাচিত প্রতিনিধিদের ওপর আমলাতন্ত্র কীভাবে মাতবরি করে?’সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান বলেন, এখন লোডশেডিংয়ের চেয়ে পাওয়ারশেডিং অর্থাৎ দায়িত্ব বড় কথা নাকি ক্ষমতা বড় কথা, তা নিয়ে ভাবা জরুরি হয়ে পড়েছে। উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সদস্যসচিব বদিউজ্জামান বাদশা বলেন, ‘এখন আমাদের জানাজা পড়া ও বিয়েবাড়ির অতিথি হওয়া ছাড়া আর কোনো কাজ নেই।’ চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, উপজেলা পরিষদ এখন অচল। ইউনিয়ন পরিষদও অচল। কারও কোনো কাজ নেই। তিনি অবিলম্বে স্থানীয় সরকার সচল করার দাবি জানিয়ে ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন করার কথা বলেন।ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির বলেন, ‘আমার উপজেলায় দুজন সংসদ সদস্য। এদের একজন প্রতিমন্ত্রী, অপরজন জেলা আওয়ামী লীগের সভাপতি। স্বৈরাচার কত প্রকার ও কী কী এসবই তাদের চরিত্রে আছে। এ রকম বাধা আসবে, এর পরও কাজ করতে হবে।’