৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। এই যে একটি বিশেষ দিবস, তার পেছনে আছে অধিকার আদায়ের সংগ্রাম, ইতিহাস। আজকের যে মেয়েটি তাঁর শ্রমের সঠিক মজুরি পাচ্ছেন, যে কর্মজীবী নারীটি ভোগ করছেন প্রসবকালীন ছুটি; সুস্থ-সুন্দর কাজের পরিবেশে যে নারীটি কাজ করছেন, তাঁদের এই অর্জনের পেছনে আছে যেমন তাঁর যোগ্যতা ও ক্ষমতা, তেমনি আছে ৮ মার্চের ইতিহাস।১৮৫৭ সালে মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে দমন-পীড়ন। ১৯০৮ সালে নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেিকনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হলো। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ। জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। ১৯১০ সাল। ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হলো দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি যোগ দিলেন। ক্লারা প্রস্তাব দিলেন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হোক। সিদ্ধান্ত হলো, ১৯১১ সাল থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। তবে দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা।১৯১৪ সাল থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ পালিত হতে লাগল। বাংলাদেশেও স্বাধীনতার আগে থেকেই এই দিবসটি পালিত হতে শুরু করে। অতঃপর ১৯৭৫ সালে দিবসটি পেল আন্তর্জাতিক স্বীকৃতি। দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। পৃথিবীজুড়েই পালিত হচ্ছে দিনটি। তবে সেই যে মজুরিবৈষম্য, কাজের মানবিক পরিবেশের জন্য লড়াই, তা কিন্তু থেমে নেই। দেশে দেশে চলছে এখনো। তাই একটি দিবস পালনের মধ্য দিয়ে সেই সংগ্রামের ইতিহাসটি আবার সবার মনে হোক, প্রতিটি দিন প্রত্যেকটি নারীর জন্য সুখকর হোক—সেটাই বোধ হয় চাওয়া।প্রতিবছর জাতিসংঘ থেকে আন্তর্জাতিক নারী দিবসের মূল একটি ভাবনা থাকে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তিতে সমসুযোগ: নারীর মর্যাদাপূর্ণ কাজের পথ’। প্রিয় পাঠক, আমরা তাই বাংলাদেশের মেয়েদের শিক্ষা নিয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে দেখতে চেয়েছি আসল চিত্রটি। নিঃসন্দেহে শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। তবে সার্বিক মান এবং ঝরে পড়ার সংখ্যা এখনো উদ্বেগজনক। নিশ্চয়ই আমরা সে বিষয়ে নজর রাখব। আমাদের মেয়েরা তাঁদের মেধার যোগ্যতায় পড়তে যাচ্ছেন পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে। তাঁদের অধ্যয়ন-জীবন আর স্বপ্নের কথা জানতে চেয়েছি আমরা। প্রসূতিসেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে আমরা পেয়েছি আন্তর্জাতিক প্রশংসা। তবে এত কিছুর পরও আরও ভালো করার আশায় অনুসন্ধানী প্রতিবেদনে আমরা জানতে চেয়েছি, এখনো আমাদের দুর্বলতা কোথায়? তেমনি বাল্যবিবাহ, মেয়েদের জন্য আইন এবং শিক্ষিত মেয়েদের ওপর নির্যাতন নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকল। একটি পেশাজীবী নারীকে কর্মস্থলে ও বাড়িতে একই সঙ্গে অনেক দায়িত্ব পালন করতে হয়। আমরা তাই ঝুঁকিপূর্ণ পেশাসহ কয়েকজন নারীর সঙ্গে সারা দিন থেকে তাঁদের এক দিনের জীবন তুলে এনেছি ছবিতে ও লেখায়। বিখ্যাত নারীরা কথা বলেছেন তাঁদের মায়ের নিয়ে। আর বিখ্যাত মায়ের কথা বলেছেন তাঁদের ছেলে-সন্তানেরা। এসিড-নির্যাতনের শিকার কয়েকজন নারী জানাচ্ছেন তাঁদের সংগ্রামে টিকে থাকার কথা। এসব কিছু নিয়েই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের বিশেষ আয়োজন। ২০১০-এর ৮ মার্চ আমরা লিখেছিলাম ‘সংগ্রামের ১০০ বছর’। অনেক অর্জন, অনেক পরিবর্তন, অনেক পথ চলা; তবু আমরা জানি, যেতে হবে বহুদূর। আর এই চলার পথে আমরা সবাই যেন একসঙ্গেই হাঁটি। আপনারা ভালো থাকুন।