জানিয়েই বিয়ে করব: হূদয় ও সুজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনেই তাঁদের প্রথম কথা হয়। ‘একটা গানের মডেল হবেন?’—হূদয় খানের এমন প্রস্তাবে কে ‘না’ করবে! সুজানাও রাজি হলেন। হূদয় খানের সর্বশেষ অ্যালবাম ছোঁয়ার ‘আড়াল’ গানের মডেল হলেন সুজানা। এরপর তাঁদের প্রায়ই কথা হয়, দেখা হয়। কখনো কখনো বাইরে একসঙ্গে বেড়াতে যান তাঁরা। এভাবেই হূদয় আর সুজানার বন্ধুত্ব বেশ গাঢ় হয়। যেখানে হূদয়ের গানের অনুষ্ঠান থাকে, সেখানেই থাকে সুজানার সরব উপস্থিতি। ভক্ত এবং গণমাধ্যমকর্মীরা এ সম্পর্ক নিয়ে প্রায়ই জানতে চেয়েছেন তাঁদের দুজনের কাছে। তবে দুজনই বিষয়টি এড়িয়ে গেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে।এদিকে হূদয় খান ও সুজানা বিয়ে করেছেন—এমন একটি খবর ইদানীং শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।কিন্তু আসল খবরটা কী, তা তাঁদের দুজনের কাছ থেকেই জানা যাক, ‘আমরা দুজন দুজনকে পছন্দ করি। ভালোবাসি। এর বেশি কিছু নয়।’ বললেন সুজানা। আর হূদয় বললেন, ‘গোড়াতে আমরা ছিলাম বন্ধু। এরপর সুজানাকে দেখছি, জানছি, আমরা নিজেদের অনেক বিষয় নিয়ে আলোচনা করি। এখন সুজানাকে আমি খুবই পছন্দ করি। আপাতত আমাদের সম্পর্কটা এটুকুতেই সীমাবদ্ধ আছে।’গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে কথা হয় হূদয় খান ও সুজানার সঙ্গে। তাঁদের কাছে প্রশ্ন ছিল—বিয়ের ব্যাপারে তাঁরা দুজন কী ভাবছেন?সুজানার সরাসরি জবাব, ‘বিয়ে হবে কি হবে না বা আমরা জীবনসঙ্গী হব কি না, তা নিয়ে এখন ভাবছি না। আমরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি। আসলে বিষয়টি নিয়ে ভাবার প্রয়োজন অনুভব করিনি।’হূদয় বললেন, ‘বিয়েটা সবাইকে জানিয়েই করব। আগে ঘোষণা দেব। আর তা সময় হলেই জানতে পারবেন। এ নিয়ে লুকোচুরি করব না। তবে আপাতত আমাদের সম্পর্ক পছন্দ এবং ভালোবাসার মধ্যেই আছে, এর বেশি কিছু নয়।’সুজানা বললেন, ‘হূদয়ের কথাগুলোই আমার কথা। বাইরের কে কী বলল, তাতে আমি কিছু মনে করি না। আমরা দুজন দুজনকে চিনি, জানি।’সবশেষে দুজনই জানান, দুই পরিবারের সম্মতি নিয়ে আর সবাইকে জানিয়েই বিয়ে করবেন তাঁরা।