জানুয়ারিতে দুই দফায় বিশ্ব ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাবলিগ জামাত আয়োজিত দেশের বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা এবারও দুই দফায় সম্পন্ন হবে। প্রথম দফায় ১১ থেকে ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ জানুয়ারি ইজতেমা অনুষ্ঠিত হবে। লাখ লাখ মুসল্লিকে স্বাগত জানাতে আয়োজকেরা টঙ্গীতে তুরাগের তীরে অবস্থিত ইজতেমা মাঠের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছেন।বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে প্রতিবছর ইজতেমাস্থল ও আশপাশে অনেক জায়গাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বলে ভোগান্তি এড়াতে আয়োজকেরা এবার ইজতেমা দুই দফায় সম্পন্ন করার ব্যবস্থা নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বুধবার অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, ইজতেমার আয়োজনে আগের বছরগুলোর মতো সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। ইজতেমাস্থল ও মুসল্লিদের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।সূত্রমতে, এবারও বিশ্ব ইজতেমায় বিশ্বের প্রায় ১০০টি দেশের ২৫ হাজার মুসল্লি যোগ দিতে পারেন। এবারও আগের বছরের মতো বিদেশি অতিথিদের ইজতেমার জন্য ভ্রমণভিসা দেওয়া হবে। তবে নিরাপত্তাসহ বিভিন্ন কারণে কাউকেই ৩০ দিনের বেশি ভিসা দেওয়া হবে না। যদিও ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো দেশের ব্যাপারে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করা হবে না।জানা গেছে, আখেরি মোনাজাতসহ পুরো বিশ্ব ইজতেমার দুই দফা নিরাপত্তার জন্য ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইজতেমা মাঠের প্যান্ডেল তৈরির জন্য ঢেউটিনের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের জন্য সার্বক্ষণিক পানি সরবরাহে ঢাকা ওয়াসা ও টঙ্গী ওয়াসা থেকে পাইপলাইন স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশি মুসল্লিদের জন্য আলাদা গোসলখানা থাকবে। এ ছাড়া বাথরুম তৈরি করা হয়েছে। ইজতেমার মুসল্লিদের আনা-নেওয়ার জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। এ ছাড়া রেলওয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে। বিশেষ বাস ও ট্রেন সার্ভিসের তথ্য অনুষ্ঠানের পাঁচ দিন আগে গণমাধ্যমে প্রচার করা হবে। এ ছাড়া পর্যবেক্ষণ টাওয়ার ও সিসিটিভি স্থাপন করা হবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে ব্যাপকভাবে তল্লাশি করা হবে, মাঠে থাকবে সাদা পোশাকের পুলিশ। ইজতেমা মাঠের তিনটি স্থানে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে। কার্ডিয়াক, বার্ন, অ্যাজমা রোগী এবং দুর্ঘটনায় আহত লোকদের চিকিত্সার জন্য টঙ্গী হাসপাতালে বিশেষ টিম ও অ্যাম্বুলেন্স থাকবে। এ ছাড়া ডায়রিয়া নিয়ন্ত্রণে টঙ্গী হাসপাতালে ওআরটি কর্নার সার্বক্ষণিক চালু থাকবে।