জানুয়ারিতেই বিশ্বব্যাংকের সিদ্ধান্ত চাই, নইলে বিকল্প উপায়
পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে চলতি জানুয়ারি মাসের মধ্যেই বিশ্বব্যাংকের সিদ্ধান্ত জানতে চায় সরকার, অন্যথায় বিকল্প উপায় দেখা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা বলেছেন।অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন পেতে চায় সরকার। সেতু নির্মাণের কাজ শুরু করার এখনই সময়। কারণ, এখন শুষ্ক মৌসুম চলছে। অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের মনোভাব বিভিন্নভাবে বিশ্বব্যাংককে জানানো হয়েছে। কয়েক দিন আগে বিশ্বব্যাংকে আমাদের নির্বাহী পরিচালক সংস্থাটির সভাপতির সঙ্গে সাক্ষাত্ করেছেন। তখন তাঁর অভিব্যক্তি ছিল ইতিবাচক। অর্থাত্ বিশ্বব্যাংকের সভাপতিও চান প্রকল্পটি এগিয়ে যাক।’ দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়ে বিশ্বব্যাংকের প্যানেল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে উল্লেখ করে মুহিত বলেন, ‘আমাদের সঙ্গে ওই প্যানেলের কোনো যোগাযোগ নেই, যোগাযোগ রাখতেও চাই না। তদন্তের বিষয়টি একান্তই বিশ্বব্যাংকের প্যানেল ও দুদকের বিষয়। আমরা চাই এ মাসের মধ্যেই বিশ্বব্যাংকের সিদ্ধান্ত। নইলে বিকল্প উপায় দেখতে হবে।’ বিকল্প উপায় কী হতে পারে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অন্য অর্থায়নকারীরা আছে। তাদের অনুরোধ করব বাড়িয়ে বিনিয়োগ করতে। আর আমাদের নিজেদের বিনিয়োগ তো আছেই।’ চলতি মাসের মধ্যেই বিশ্বব্যাংকের সিদ্ধান্ত চাওয়া হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এখন শুষ্ক মৌসুম। এ মৌসুমেই সেতুর কাজ শুরু করতে হবে।’ বিশ্বব্যাংকের চিঠির জবাব দুদক চেয়ারম্যানকে দ্রুত দেওয়ার অনুরোধ করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী।