জানুয়ারির মধ্যে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, ‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন উপহার দিতে চাই। অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন করতে কমিশন কাজ করে চলেছে।’ আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারের পাশে সার্ভার স্টেশনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল নির্বাচনে যাবে না বলেছে। সে ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রধান দুটি দলের জ্যেষ্ঠ নেতারা জনগণের পালস বোঝেন। জনস্বার্থে তাঁরা একটি সমঝোতায় পৌঁছাবেন।’ তিনি আরও বলেন, ‘যেসব পৌরসভার মেয়াদ শেষ হতে চলেছে, জাতীয় নির্বাচনের আগেই সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর পরিষদের শপথ গ্রহণের পাঁচ বছর মেয়াদপূর্তির নিয়মানুযায়ী ১৮০ দিন আগেই ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন কাজ করে চলেছে।’ সার্ভার স্টেশন প্রসঙ্গে সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে চুয়াডাঙ্গার তিনটি উপজেলায় সার্ভার স্টেশন নির্মাণ করে সেবা দেওয়া হচ্ছে। আগামী এক বছরের মধ্যে জেলা ও সদর উপজেলায় সার্ভার স্টেশন নির্মাণের কাজ সম্পন্ন হবে। এরপর ভোটার তালিকা তৈরি ও ছোটখাটো ভুল সংশোধনসহ এ-সংক্রান্ত সেবা নিতে কাউকে ঢাকায় গিয়ে লম্বা লাইন দিতে হবে না।’ সার্ভার স্টেশনের স্থান পরিদর্শনের সময় সিইসির সঙ্গে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী, খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মজিবর রহমান এবং জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।