জানুয়ারি থেকে আবার উপানুষ্ঠানিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে পুনরায় উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম শুরু হচ্ছে ২০১১ সালের জানুয়ারি থেকে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপানুষ্ঠানিক শিক্ষা বন্ধ ঘোষণা করেছিলেন। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন গতকাল শুক্রবার বলেছেন, আগামী জানুয়ারি থেকে এই শিক্ষা চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। সেখানে সরকার শুধু তদারকের ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষা কী পদ্ধতিতে চালু করে এটি কার্যকর ও ত্বরান্বিত করা যাবে, সে বিষয়ে সহযোগিতা ও পরামর্শ দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে অনুষ্ঠিত উপানুষ্ঠানিক শিক্ষার ভবিষ্যৎ কারিকুলামবিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী বক্তৃতা করেন।কর্মশালার বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বলেন, যেহেতু দেশের অর্ধেক জনগোষ্ঠী এখনো নিরক্ষর, তাই তাদের শিক্ষার আলো থেকে দূরে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে এবং তাহলেই আমরা দেশ থেকে নিরক্ষরতা দূর করতে পারব।’মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া বেগম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক রেজাউল কাদের। কর্মশালায় জাতীয় অধ্যাপক এম আর খানসহ শিক্ষক ও শিক্ষা গবেষকেরা অংশ নেন।