জানুয়ারি থেকে আড়াই লাখ সরকারি কর্মচারী রেশনে চাল-গম পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারি থেকে চতুর্থ শ্রেণীর আড়াই লাখ সরকারি কর্মচারী রেশনের সুবিধা পাবেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে খাদ্য মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।এ ব্যাপারে জানতে চাইলে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, প্রাথমিক পর্যায়ে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের রেশনের আওতায় আনা হবে। প্রতি কর্মচারীকে মাসে ২০ কেজি চাল দেওয়ার চিন্তা করা হচ্ছে। এর বাইরে গমও দেওয়া হতে পারে।মন্ত্রণালয় সূত্র জানায়, কর্মচারীদের রেশন দেওয়ার জন্য খাদ্য মন্ত্রণালয়ের কাছে দুটি প্রস্তাব রয়েছে। একটি প্রস্তাবে কর্মচারীদের পরিবারপ্রতি মাসে ২০ কেজি চাল ও ১০ কেজি গম দেওয়ার কথা বলা হয়েছে। বিকল্প প্রস্তাবে ১৫ কেজি চাল ও ১০ কেজি করে গম দেওয়ার কথা বলা হয়েছে। প্রতি কেজি চাল ১৫ থেকে ১৬ টাকা আর গম ১২ থেকে ১৪ টাকা দরে দেওয়ার চিন্তা করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ ব্যাপারে সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে।জানা গেছে, গত এক বছরে চালের দাম বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের রেশনের মাধ্যমে চাল-গম দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।সরকারি কর্মচারীদের রেশন-সুবিধাসংক্রান্ত প্রস্তাবনায় বলা হয়েছে, সরকার দেশের দরিদ্র ও সীমিত আয়ের জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছে। ইতিমধ্যে ফেয়ার প্রাইস কার্ডসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু সরকারি কর্মচারীদের জন্য কোনো রেশনিং-ব্যবস্থা বর্তমানে নেই। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যে বেতন-ভাতা পান, তা স্বাভাবিক জীবনযাপনের জন্য পর্যাপ্ত নয়। তাঁরা সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সুবিধা পান না। এ অবস্থায় তাঁদের জন্য রেশনিং-ব্যবস্থা চালু করা গেলে, তা তাঁদের জীবনমানের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারবে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি বছরের শুরুর দিকে তৃতীয় শ্রেণীর আট লাখ ১৩ হাজার ৫৫৩ জন এবং চতুর্থ শ্রেণীর দুই লাখ ৫৬ হাজার ৬৭৮ জন কর্মচারীকে রেশন দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। পরে গত সপ্তাহে সিদ্ধান্ত হয়, প্রথম পর্যায়ে চতুর্থ শ্রেণীর আড়াই লাখ কর্মচারীকে রেশন-সুবিধার আওতায় আনা হবে।তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে পর্যায়ক্রমে তৃতীয় শ্রেণীর কর্মচারীদেরও রেশন-সুবিধার আওতায় আনা হবে বলে খাদ্যমন্ত্রী প্রথম আলোকে জানিয়েছেন।