একুশে টিভিতে আজ রাতে প্রচারিত হবে বিষয়ভিত্তিক বৈঠকি গানের অনুষ্ঠান ‘তারাভরা রাতে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অদিতি মহসিন। প্রযোজনা করেছেন মাসুদুল হাসান। আজ গান করবেন বুলবুল ইসলাম। কথা হলো তাঁর সঙ্গে।‘তারাভরা রাতে’ অনুষ্ঠানে কোন গানগুলো করেছেন।বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘তারাভরা রাতে’ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান করেছি। গানগুলো হলো—‘ও আমার দেশের মাটি’, ‘ছি ছি চোখের জলে’, ‘নিশিদিন ভরসা রাখিস’ এবং ‘সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে’। অনুষ্ঠানটির ধারণকাজ হয়েছিল গত মাসের মাঝামাঝি। মাত্র ৪০ মিনিটেই ধারণকাজ শেষ। গানের ফাঁকে গানগুলো নিয়ে উপস্থাপক অদিতি মহসিনের সঙ্গে কথা বলেছি। অনুষ্ঠানজুড়েই ছিল বৈঠকি গানের আমেজ। এবার এ ধরনের আর কোনো অনুষ্ঠান করেছেন?না, মঙ্গলবার আমি কলকাতায় যাচ্ছি। সঙ্গে আমার স্ত্রী ময়নাও (শারমীন সাথী ইসলাম) যাচ্ছে। ১৫ ডিসেম্বর সকালে তারা মিউজিক চ্যানেলে ‘আজ সকালের আমন্ত্রণে’তে আমরা দুজন গান করব। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। এখানে আমি রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায় আর ময়না নজরুলের দেশের গান করবে। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস ১৬ ডিসেম্বর থেকে আয়োজন করেছে ‘বাংলাদেশ উৎসব’। ওখানে ১৯ ডিসেম্বর ময়না গান করবে।ওখানে অ্যালবামের কোনো কাজ করবেন?আমার গাওয়া রবীন্দ্রসংগীতের একটা অ্যালবামের কাজ কিছুটা হয়ে আছে। নতুন বছরের জানুয়ারি মাসে বেঙ্গল ফাউন্ডেশন থেকে বাজারে আসবে। নাম সন্ধ্যার মেঘমালা। সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। এবার ওনার সঙ্গে বসে অ্যালবামটির মাস্টার তৈরি করে নিয়ে আসব।কলকাতা থেকে আর কোথাও যাওয়ার সম্ভাবনা আছে?এবার যেহেতু কয়েকটা দিন ওখানে থাকা হচ্ছে, তাই দিন দুয়েকের জন্য শান্তিনিকেতনে বেড়াতে যাব। শান্তিনিকেতনে চীনা ভবনের সাবেক প্রধান রীনা গাঙ্গুলির সঙ্গে অনেক দিন দেখা হয় না। তিনি আমার গান খুব পছন্দ করেন। এই সুযোগে ওঁনার সঙ্গেও দেখা হবে।