জানুয়ারির বেতন পাননি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এখনো জানুয়ারি মাসের বেতনের সরকারি অংশ পাননি। সরকারের ঘোষণা অনুযায়ী, আগের মাসের বেতন পরের মাসের ৭ তারিখের মধ্যে হওয়ার কথা। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী বেতনের শতভাগ রাষ্ট্রীয় কোষাগার থেকে পেয়ে থাকেন।এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ প্রথম আলোকে বলেন, বেতনের অর্থের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এখন পর্যন্ত পাওয়া যায়নি।পঞ্চগড় আমলাহার ডিগ্রি কলেজের শিক্ষক সালাহউদ্দিন, বাগেরহাটের ফকিরহাট হাজী আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. শাহজাহান আলী হাওলাদারসহ বেশ কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারি মাস শেষ হতে চললেও তাঁরা বেতন পাচ্ছেন না। বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে এ ধরনের বিলম্বে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।মাউশির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গত ১৫ জানুয়ারি অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে বেতন-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। এবার শিক্ষকদের উচ্চতর স্কেল দেওয়ায় অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই শিক্ষকদের উচ্চতর স্কেল দেওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে।বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) ঢাকা মহানগর নির্বাহী কমিটির সভায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন অদ্যাবধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সমিতির পক্ষ থেকে অবিলম্বে শিক্ষকদের বেতন পরিশোধের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। ঢাকা মহানগর কমিটির সভাপতি মো. আবু বকর চৌধুরীর সভাপতিত্বে সভায় সমিতির সভাপতি মাহফুজা খানম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।