জান্তাদের কখনো ঘৃণা করেননি সু চি
সামরিক জান্তারা দীর্ঘ ১৫ বছর গৃহবন্দী করে রেখেছিলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে। সেই জান্তাদের কখনো ‘ঘৃণা’ করেননি তিনি। সু চির মতে, বাবা মিয়ানমার সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা হওয়ায় সেনা পরিবারেই বড় হয়েছেন তিনি। তাই মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যদের প্রতি ‘সহানুভূতিশীল’ ছিলেন তিনি।গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতায় এসব কথা বলেন সু চি। তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাঁর বাবা অং সানকে অত্যধিক সম্মান দেখাত। পরে সেই সেনা সদস্যরাই তাঁকে (অং সান) হত্যা করে। এসব কথা মনে পড়লেই তিনি (সু চি) বিস্মিত হন। বাবার স্মৃতিচারণা করে মিয়ানমারের বিরোধীদলীয় এই নেত্রী বলেন, তাঁর যখন মাত্র দুই বছর বয়স, তখনই আততায়ীর হাতে খুন হন তাঁর বাবা। এরপর তাঁর কাছে বাবার স্মৃতি কেবল ছবিগুলোই। নিজ বাড়িতে টাঙানো সেই ছবিগুলোতে তিনি সামরিক পোশাক পরা বাবাকে দেখেছেন। তখন থেকেই সামরিক জান্তাদের পোশাক দেখলে একরকম টান অনুভব করেছেন।সু চি বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাঁর মা-বাবাকে নিজ মা-বাবার মতোই ভালোবাসত। তারা (সৈন্যরা) সব সময়ই তাদের (সু চি) বাড়িতে আসা-যাওয়া করত। এসব কারণেই তিনি জান্তাদের কখনো ঘৃণা করতে পারেননি। ঘৃণা করেছেন তাদের কাজকে।