চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন কমিটি থেকে বাদ পড়া নেতা-কর্মীরা বলেছেন, নতুন কমিটিতে স্থান পেতে তাঁরা কোনো রাজাকারের পা ধরবেন না। মুক্তিযুদ্ধে গিয়াসউদ্দিন কাদের (গিকা) চৌধুরীর বিতর্কিত ভূমিকা ছিল। তাই তাঁর নেতৃত্ব মেনে নেওয়া যায় না। তাঁরা বলেন, বর্তমানে জাতীয় পার্টি ও জামায়তের নেতা—এমন লোকও উত্তর জেলার নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এমনকি স্থান হয়েছে চাঁদাবাজেরা। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঞ্চিত নেতারা এসব অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস চৌধুরী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির নেতা নাজিমউদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসীমউদ্দিন সিকদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহের।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে বিভিন্ন অনুষ্ঠানে গিয়াসউদ্দিন কাদেরের সরব উপস্থিতি দেখা যায় না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদলের প্রথম কমিটি থেকে তাঁকে বহিষ্কার করেছিলেন।ইউনুস চৌধুরী অভিযোগ করেন, কেবল ব্যক্তিগত পছন্দের কারণে ঘোষিত ১৫১ সদস্যের কমিটিতে বিএনপির সঙ্গে সম্পর্কহীন অনেক ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। ঘোষিত কমিটিতে ১৮ জন ব্যক্তি কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। ছয়জন আছেন প্রবাসী। আরও ২০-২৫ আছেন, যাঁদের ইউনিয়ন পর্যায়ের নেতা হওয়ার যোগ্যতা নেই। অথচ আহ্বায়ক কমিটির পাঁচ যুগ্ম আহ্বায়ককে জেলা কমিটির সদস্য করা হয়নি। গত কমিটির ১০১ জনের মধ্যে ৫৪ জনকে বাদ দেওয়া হয়েছে। ৭২ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়েন ২৯ জন নেতা।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নতুন কমিটির যুগ্ম সম্পাদক নুরুল আমিন চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল ও মুহুরী প্রকল্পের মাছ লুটের মামলার আসামি। এ কারণে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। আরেক যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন জাতীয় পার্টির নেতা ছিলেন। এরশাদের পতনের সময় তাঁকে গণদুশমন ঘোষণা করা হয়। এরপর বেলায়েত বিদেশে পালিয়ে যান। টেন্ডার ও চাঁদাবাজির কারণে এক-এগারোর পর তিনি আত্মগোপনে ছিলেন।এতে আরও দাবি করা হয়, ছালামত আলী উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও রাউজান উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক থেকে পদত্যাগ করেননি। তাঁকে জেলা বিএনপির অর্থ সম্পাদক করা হয়েছে। জাহাঙ্গীর আলমকে স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক করা হয়েছে। তিনি ছাত্রশিবিরের সাবেক ক্যাডার। বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।সংবাদ সম্মেলনে বলা হয়, সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী বেশির ভাগ সময় ঢাকায় কিংবা বিদেশে থাকেন। সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে তাঁর তেমন যোগাযোগ নেই। সহসভাপতি এস এম ফজলুল হক মনোনয়ন না পেয়ে সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এক-এগারোর পর তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান জ্যেষ্ঠ ভাইস চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে টক শোতে আপত্তিকর মন্তব্য করেন।বঞ্চিত নেতারা অভিযোগ করেন, নতুন কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক এস এম ফারুক ব্যাংকে চাকরি করেন। প্রচার সম্পাদক মহিউদ্দিন জ্যেষ্ঠ সহসভাপতি কামালউদ্দিনের প্রতিষ্ঠানের কর্মী। রাজনীতির সঙ্গে তাঁদের তেমন সম্পর্ক ছিল না। আবুল কাশেম সন্দ্বীপ জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সাংসদ মোস্তফা কামাল ওরফে পাশার ব্যক্তিগত পছন্দে জেলা কমিটিতে স্থান পেয়েছেন।সন্দ্বীপ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের দাবি করেন, ‘আবুল কাশেম এখনো নিজেকে জামায়াত নেতা বলে পরিচয় দেন। জেলা বিএনপির কমিটিতে তাঁর জায়গা হয়েছে। অথচ আমি বাদ পড়েছি।’বঞ্চিত নেতা-কর্মীরা কমিটি বাতিলের দাবিতে আজ বুধবার দলীয় কার্যালয় নসিমন ভবনে সমাবেশ করার কর্মসূচির ঘোষণা দিয়ে জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করতে হবে। তাঁরা প্রতিটি উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।বঞ্চিত নেতাদের অভিযোগ সম্পর্কে জানতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস কাদের চৌধুরীর সঙ্গে বারবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।