জাপা থেকে গোলাম রেজাকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ এইচ এম গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার দুপুরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই বহিষ্কারাদেশ দেন। এই আদেশের ফলে গোলাম রেজা দলের প্রাথমিক সদস্য পদ ও সংসদ সদস্য পদ হারাবেন। এর আগে গত মঙ্গলবার এরশাদ তাঁকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদ ও জাতীয় সংসদে হুইপের পদ থেকে অব্যাহতি দেন। তাঁর বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ আনা হয়। গোলাম রেজা দীর্ঘদিন এরশাদের একান্ত সচিব ছিলেন। জাপা চেয়ারম্যানের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ প্রথম আলো ডটকমকে গোলাম রেজার এই বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন।