তানভীর হত্যা: আদালতে ইউসুফের জবানবন্দি
জাপা নেতা রিপনের বাড়িতে শ্বাসরোধে হত্যা করা হয়
নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে জাতীয় পার্টির (জাপা) স্থানীয় একজন নেতার বাড়িতে আটকে রেখে নির্যাতন চালানোর পর শ্বাসরোধে হত্যা করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ইউসুফ হোসেন ওরফে লিটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানান।আদালত সূত্রে জানা গেছে, মাদক মামলায় গত সোমবার নারায়ণগঞ্জ জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ইউসুফ হোসেন। জবানবন্দিতে তিনি বলেন, জাতীয় পার্টির নেতা বজলুর রহমান ওরফে হাজি রিপনের বাড়িতে ত্বকীকে হত্যার পর ওই দিন রাতেই নৌকায় করে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খালে লাশ ফেলে দেওয়া হয়। গত ৬ মার্চ নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে ত্বকী। দুই দিন পর ৮ মার্চ তার লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই রফিউর রাব্বি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। পরে তিনি আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমানসহ ছয়জনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে একটি অবগতিপত্র দেন। মামলার এজাহার ও অবগতিপত্রে ইউসুফের নাম ছিল না। ত্বকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নারায়ণগঞ্জ মডেল থানার পুলিশ রিফাত বিন ওসমান, সালেহ রহমান ওরফে সীমান্ত ও ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করে। পরে ১৫ জুলাই ইউসুফ উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। এরপর র্যাব পরিচয়ে সাদা পোশাকের লোকজন তাঁকে তুলে নিয়ে যান বলে পরিবারের লোকজন অভিযোগ করেন। এর পর থেকেই ইউসুফ নিখোঁজ ছিলেন। জবানবন্দিতে ইউসুফ বলেন, ‘রাজীব নামে একজনের সঙ্গে আমার গার্মেন্টসের ব্যবসা রয়েছে। গত ৬ মার্চ রাজীবের খোঁজে আমি জাতীয় পার্টির নেতা হাজি রিপনের ছেলে সীমান্তের (সালেহ রহমান) বাড়িতে যাই। রাজীব তখন সীমান্তের বাসায় ছিল। তাঁর বাসায় গিয়ে আমি অপু, ভ্রমর, কালাম শিকদার, সীমান্ত ও আরও একটি ছেলেকে দেখি। ওই ছেলেকে আমি চিনি না।’জবানবন্দিতে ইউসুফ বলেন, ‘কিছুক্ষণ পর আমি পাশের ঘরে মারধরের শব্দ শুনতে পাই। আমি ওই ঘরে গিয়ে দেখি রাজীব ও ভ্রমর ওই ছেলেটিকে গজারির লাঠি দিয়ে পেটাচ্ছে। পরে রাজীবের কথায় আমি ওই ছেলেকে দু-তিনটি বাড়ি দিই।’ইউসুফ আরও বলেন, ‘মারধরের কারণে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কালাম শিকদার ছেলেটির বুকের ওপর উঠে গলা টিপে ধরে। তিন-চার মিনিট পর রাত ১১টার দিকে ছেলেটি মারা যায়। পরে জানতে পারি, ওই ছেলেটির নাম ত্বকী। রাত ১১টার দিকে আমি, কালাম শিকদার ও ভ্রমর ত্বকীর লাশ ভ্রমরের গাড়ির পেছনে তুলে শহরের চারারগোপ এলাকায় যাই। পরে আমরা তিনজন মিলে ব্যাগে ভরে ত্বকীর লাশ নৌকায় তুলি। লাশ নিয়ে আমরা কুমুদিনী খালে যাই। তারপর ব্যাগ থেকে লাশ বের করে আমরা খালে ফেলে দিই। ওই সময় ত্বকীর পরনে প্যান্ট-শার্ট ছিল। পায়ে চামড়ার স্যান্ডেল ছিল। ব্যাগটির মধ্যে ইট ভরে কালাম শিকদার পানিতে ফেলে দেয়।’র্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল হোসে1stন জানান, গত সোমবার সিদ্ধিরগঞ্জ থেকে ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করার পর মাদক মামলায় আদালতে পাঠানো হয়। তবে তিনি ত্বকী হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২৫ জুন জাতীয় পার্টির নেতা হাজি রিপনের ছেলে সালেহ রহমানকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি হাইকোর্ট থেকে তিনি ছয় মাসের জামিন পান। অবশ্য পরে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর জামিন বাতিল করা হয়। ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হাজি রিপন। তিনি নিজেকে জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ও নগর জাপার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে পরিচয় দেন। ইউসুফের জবানবন্দিতে ত্বকী হত্যাকাণ্ডে জড়িত হিসেবে যাঁদের নাম এসেছে, তাঁরা সবাই ওসমান পরিবারের ক্যাডার হিসেবে পরিচিত।