মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টিকে (জাপা) নতুন করে গোছানোর চেষ্টা চলছে। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ গত রোববার লন্ডনে যাওয়ার আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করেছেন। এ পদটিকে স্থায়ীভাবে রাখারও চিন্তাভাবনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।সূত্র জানায়, জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে সভাপতিমণ্ডলীতে তাঁর আগে নাম থাকা তিনজনকে ডিঙিয়ে। এ তিনজন হলেন সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য বেগম রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ ও আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারম্যানের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য বেগম রওশন এরশাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করার কথা। এ দুজনের অনুপস্থিতিতে ওই দায়িত্ব পাবেন কাজী জাফর আহমেদ। তিনিও অনুপস্থিত থাকলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাবেন আনিসুল ইসলাম মাহমুদ। কিন্তু এরশাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন সভাপতিমণ্ডলীতে চার নম্বরে নাম থাকা ছোট ভাই জি এম কাদেরকে।ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় জি এম কাদেরকে গতকাল সোমবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি এরশাদ গত মাসে রংপুরে জি এম কাদেরকে দলের পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা দেন। তাঁকে নিয়ে আগামী এক বছর সারা দেশে সাংগঠনিক সফরের সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ। তিনি লন্ডন থেকে আগামী মাসে (আগস্ট) দেশে ফিরলে সাংগঠনিক সফরের কর্মসূচি চূড়ান্ত করা হবে।লন্ডনে যাওয়ার আগে এরশাদ প্রথম আলোকে বলেন, ‘আমার অবর্তমানে জি এম কাদেরই দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। সংগঠনকে শক্তিশালী করার জন্যই এটা চিন্তা করা হয়েছে।’ তিনি বলেন, ‘দলে জি এম কাদেরকে নিয়ে কোনো বিতর্ক নেই। সৎ, নিষ্ঠাবান এবং ভালো সংগঠক হিসেবে সবাই তাঁকে চেনে।’জি এম কাদের এ ব্যাপারে বলেন, ‘দল যেভাবে চাইবে সেভাবেই দায়িত্ব পালন করব।’ এদিকে মহাজোট সরকারে এরশাদকে কোনো দায়িত্ব না দেওয়া নিয়ে জাতীয় পার্টির মধ্যে অসন্তোষ থাকলেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি এরশাদ। দলের জি এম কাদেরকে মন্ত্রী করা হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুর রহমানকে দুটি সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা ছাড়াই। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সংসদীয় কমিটির সভাপতি করার অনুরোধ জানিয়ে এরশাদ নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিলেও তা হয়নি।এ ব্যাপারে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আমি এখন এসবের উত্তর দিতে পারব না। তবে আমি বিশ্বাস করি, রাজনৈতিকভাবে শক্তি অর্জন করলে জাতীয় পার্টির সব প্রত্যাশা পূরণ হবে।’