জাপাতে মহাজোটের পক্ষে-বিপক্ষে দুই ধারা আবার সক্রিয়
জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় জাতীয় পার্টিতে (জাপা) বিদ্যমান দুই ধারা আবার সক্রিয় হয়ে উঠেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে থাকা না-থাকা নিয়ে গড়ে ওঠা এই দুই ধারা সামাল দিতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে হিমশিম খেতে হচ্ছে। জাপার শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানায়, দলটিতে মহাজোটের পক্ষের ধারার নেতৃত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আর মহাজোটের বিপক্ষের ধারায় আছেন কাজী জাফর আহমদসহ কয়েকজন। এই ধারায় দলীয় কোনো সাংসদের সমর্থন নেই। অবশ্য, ভবিষ্যতে এককভাবে নির্বাচন করার পক্ষেও দলটিতে জোরালো একটি মত আছে।সরকারকে তীব্র সমালোচনা করে গত বুধবার একটি জাতীয় দৈনিকে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন কাজী জাফর আহমদ। তিনি অভিযোগ করেন, মহাজোট সরকার একদলীয় নির্বাচনের দিকে হেঁটে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। দলীয় সূত্রগুলো জানায়, কাজী জাফরের এই সাক্ষাৎকারে এরশাদ ক্ষুব্ধ হয়েছেন। তিনি গতকাল বুধবার সকালে দলীয় নেতাদের সঙ্গে এক ঘরোয়া বৈঠকে বলেন, দলের রাজনৈতিক অবস্থান নিয়ে কেবল চেয়ারম্যান ও মহাসচিব মত প্রকাশ করতে পারেন। কাজী জাফর দলের শীর্ষ পর্যায়ের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। এ জন্য কাজী জাফরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথাও বলেন এরশাদ। অন্য নেতারা কারণ দর্শানোর নোটিশের পরিবর্তে মহাসচিবকে দিয়ে মৌখিকভাবে ক্ষোভ ও অসন্তুষ্টি জানানোর পরামর্শ দেন। এরপর এরশাদ গতকাল দুপুরে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে ডেকে পাঠান। পরে রুহুল আমিন হাওলাদার কাজী জাফরের বাসায় গিয়ে তাঁকে এরশাদের মনোভাব জানিয়ে দেন। জানতে চাইলে রুহুল আমিন হাওলাদার প্রথম আলোর কাছে কাজী জাফরের বাসায় যাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘ভবিষ্যতে রাজনৈতিক নীতিনির্ধারণী-বিষয়ক কোনো বক্তব্য দেওয়ার আগে পার্টির চেয়ারম্যানের অনুমতি নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করেছি। তাঁকে বলেছি, পার্টির রাজনৈতিক অবস্থান বিষয়ে কেবল চেয়ারম্যান বক্তব্য দেবেন। অন্য কেউ দিলে তাঁর অনুমতি নিতে হবে।’ রুহুল আমিন হাওলাদার জানান, কাজী জাফর তাঁকে জানিয়েছেন, দলীয় প্রধানের চিন্তাধারার সঙ্গে সংগতি রেখেই তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি এরশাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান।এদিকে, জাতীয় পার্টি ৩১ জানুয়ারি রাজধানীর বড় এলাকাজুড়ে ‘মানববেষ্টনী’ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। নারী নির্যাতন, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে এ কর্মসূচি নেওয়া হবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রতিবাদ এবং ডাকসুসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্র সংসদের দাবিতে অপর একটি ‘মানববেষ্টনী’ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া মার্চ, এপ্রিল ও মে মাস জুড়ে এরশাদসহ জাপার কেন্দ্রীয় নেতারা সারা দেশে সাংগঠনিক সফর করবেন বলে দলটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে।