পদ্মা সেতুর নির্মাণকাজ আগস্টের মধ্যে শুরু হবে। চলতি বছর জাপান ঋণ না দিলেও এ কাজ শুরু করতে সমস্যা হবে না।আজ বুধবার সংসদ ভবনে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। এতে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, একরামুল করিম চৌধুরী, আবু জাহির, মো. গোলাম মাওলা ও অপু উকিল অংশ নেন।বৈঠক শেষে শেখ মুজিবুর রহমান জানান, চলতি মাসেই পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে। আগামী জুলাই-আগস্টে কাজ শুরু হবে। তিনি বলেন, জাপানের বর্তমান দুর্যোগ পদ্মা সেতুর ঋণের ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করবে না।সভায় বাংলাদেশ রেলওয়ের ২০১০-১১ অর্থবছরে চলমান কাজের অগ্রগতি-বিষয়ক তথ্য উপস্থাপন ও আলোচনা হয়।সভায় সারা দেশে রেলওয়ের জমি অবৈধভাবে দখল রোধ ও দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করার সুপারিশ করা হয়। একই সঙ্গে ইজারার জমি নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে ইজারা না দেওয়া এবং অব্যবহূত পড়ে থাকা রেলওয়ের জমি পরিকল্পিত উপায়ে কাজে লাগানোর নির্দেশনা দেওয়া হয়।সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে অপরিকল্পিতভাবে নির্মিত গতিরোধক অপসারণ করার সুপারিশ করা হয়।