জাপান ও মালদ্বীপে রাষ্ট্রদূত নিয়োগ
সরকার জাপান ও মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে পেশাদার এক কূটনীতিক ও এক সামরিক কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। এদের মধ্যে জাপানে রাষ্ট্রদূত পদে নিয়োগ পেয়েছেন ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবুর রহমান ভূঁইয়া। আর মালদ্বীপে হাই কমিশনার পদে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এ এস এম এ আওয়াল। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মজিবুর রহমান ভূঁইয়া ভুটানে রাষ্ট্রদূত পদে যোগ দেওয়ার আগে ভারত ও ইরানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। এদিকে মালদ্বীপে হাই কমিশনার পদে নিয়োগ পাওয়া রিয়ার এডমিরাল এ এস এম এ আওয়াল ১৯৭৬ সালে নৌবাহিনীতে যোগ দেন। তিনি নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনে সামরিক এটাশে পদে দায়িত্ব পালন করেছেন।