জাপান গার্ডেন সিটিকে ২৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ভবনের অনুমতি নিয়ে ২৬টি ভবন নির্মাণ করে পরিবেশ অধিদপ্তরের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে জাপান গার্ডেন সিটিকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই জরিমানা করেন। রাজধানীর মোহাম্মদপুরে ৩০ বিঘা জমিতে স্থাপিত জাপান গার্ডেন সিটি লিমিটেডকে ২০০০ সালে শুধু একটি অ্যাপার্টমেন্টের অনুকূলে অবস্থানগত ছাড়পত্র দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু গত ১২ বছরে এখানে গড়ে তোলা হয় ২৬টি বহুতল ভবন। এর মধ্যে ১৬ তলাবিশিষ্ট ভবন ২৪টি। ১৪ তলাবিশিষ্ট ভবন দুটি। ভবনগুলোয় নির্মিত ১ হাজার ৩৫০টি ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, জাপান গার্ডেন সিটির এসব ভবনের কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেই। অথচ এগুলোতে গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী আজ সরেজমিনে এ ঘটনা উদঘাটন করে জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ অধিদপ্তরে তলব করেন। ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান কানাডায় থাকায় প্রতিষ্ঠানের পক্ষে হাজির হন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুল ইসলাম ও ব্যবস্থাপক শওকত ইমরান। কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে জরিমানার ২৬ লাখ টাকা পরিশোধ করেন। পরিবেশ অধিদপ্তর জাপান গার্ডেন সিটির ২৬টি ভবনের পরিবেশ ছাড়পত্র ফি বাবদ সাড়ে ৬২ লাখ টাকার রাজস্ব ফাঁকির ঘটনাও উদঘাটন করে। অবিলম্বে এ অর্থ পরিবেশ অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে।এ ব্যাপারে মুনীর চৌধুরী বলেন, ‘রাজধানীর কেন্দ্রস্থলে এ জাতীয় ঘটনা বড় ধরনের অনিয়ম। বিশেষ করে ২৬টি বহুতল ভবনের জন্য নিজস্ব স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকা উচিত। কিন্তু পরিবেশ অধিদপ্তরের মনিটরিংয়ের অভাবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ছাড়াও এত বড় বড় অ্যাপার্টমেন্টে স্বাস্থ্যসম্মত ব্যবস্থা, সবুজ বেষ্টনী এবং বৃষ্টির পানির সংরক্ষণাগার বর্তমান প্রেক্ষাপটে অত্যাবশ্যক।’ মুনীর চৌধুরী আরও বলেন, ‘পরিবেশ ছাড়পত্র ছাড়া এসব ভবনে গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেওয়ার বিষয়টিও একটি বড় অনিয়ম। এসব অনিয়ম রাজধানীর পরিবেশ রক্ষার পথে অন্তরায়। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে রাজউককেও পরিবেশ সুশাসন নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে।’