অগ্নিনির্বাপণ-ব্যবস্থায় ত্রুটি
জাপান গার্ডেন সিটিসহ ৪ প্রতিষ্ঠানকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা
অগ্নিনির্বাপণ-ব্যবস্থায় ত্রুটি এবং দমকল কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিসহ চারটি প্রতিষ্ঠানকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত আজ মোহাম্মদপুরের ২৪/এ তাজমহল রোডে অবস্থিত জাপান গার্ডেন সিটির ১৯টি ভবনে দমকল বাহিনীর ছাড়পত্র না থাকায় প্রতিটি ভবনে ১০ হাজার করে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেন। শিয়া মসজিদসংলগ্ন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির স্বর্ণকুঞ্জকে একই অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া শ্যামলী এলাকার রিং রোডে অবস্থিত মেসার্স সোয়েটার ফ্যাশন লিমিটেডকে অপর্যাপ্ত অগ্নিনির্বাপণসামগ্রী ও নিবন্ধন নবায়ন না করায় ৫০ হাজার টাকা ও অগ্নিপ্রতিরোধ-ব্যবস্থা না থাকায় একই ভবনের ডিএনএস সোয়েটার লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অগ্নিনির্বাপণসামগ্রী কাজ না করায় ভবনটির চতুর্থ তলায় অবস্থিত আরএন সোয়েটার লিমিটেডকে সতর্ক করেছেন আদালত।দমকল বাহিনী ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক আবদুর রশিদসহ একটি দল ও দাঙ্গা পুলিশ উপস্থিত ছিলেন।