জাপান গেলেন হিলারি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্ল্লিনটন আজ রোববার জাপান গেছেন। ভূমিকম্প ও সুনামির আঘাতে জাপান লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পাঁচ সপ্তাহ পর সহমর্মিতা জানাতে তিনি সেখানে গেছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হিলারি ক্লিনটন জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ও পররাষ্ট্রমন্ত্রী তাকেইকি মাতসুমোতোর সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি জাপানের রাজার দেওয়া এক চা চক্রে যোগ দেবেন বলে জাপানি কর্মকর্তারা জানিয়েছেন।হিলারি ক্লিনটন জাপানের রাজধানী টোকিওতে অর্ধ দিবস অবস্থান করবেন। হিলারির সঙ্গে থাকা এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ সফর জাপানিদের প্রতি মার্কিন সরকারের সৌহার্দ্য ও সহযোগিতার প্রতীক।ভূমিকম্প ও সুনামির পর মার্কিন নৌবাহিনী জাপানে ত্রাণ তত্পরতায় এগিয়ে আসে। পরমাণুসংকট মোকাবিলায় জাপানকে সহযোগিতা করারও প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ভূমিকম্প ও সুনামির পর এই প্রথম কোনো বিশ্ব নেতা জাপান সফরে এলেন।