জাপান সফরে কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁর এশিয়া সফরের অংশ হিসেবে আজ রোববার জাপান পৌঁছেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, কোরীয় উপদ্বীপের চলমান উত্তেজনা প্রশমনে এর আগে দক্ষিণ কোরিয়া সফর করেছেন কেরি। সিউল সফর শেষে গতকাল শনিবার বেইজিং ও আজ টোকিও সফরে গেছেন তিনি। সংকটের বিষয়ে টোকিওর সঙ্গে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন কর্মকর্তারা বলেছেন, কেরি তাঁর এশিয়া সফরে পিয়ংইয়ংয়ের ‘অস্থিতিশীল কর্মকাণ্ড’ রোধে সংশ্লিষ্ট দেশগুলোর প্রভাব কাজে লাগানোর চেষ্টা করছেন। কেরির এশিয়া সফর বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগামী সোমবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা কিম ইল সুংয়ের জন্মবার্ষিকী। এই দিনে উত্তর কোরিয়া তার সর্বোচ্চ সামরিক দক্ষতা প্রদর্শন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উত্তর কোরিয়া সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে হামলার হুমকি দিয়েছে। এরপর ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।