জাপানকে সাহায্য করতে উদ্ধারকারী দল প্রস্তুত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এরই মধ্যে জাপানে উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে চিকিত্সকসহ একটি উদ্ধারকারী দল গঠন করেছে।বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত তামত্সু শিনোত্সুকা আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি আরও বলেন, ‘আমরা জাপান যেতে প্রস্তুত, আমাদের উদ্ধার দল জাপানের জনগণকে সাহায্য করতে প্রস্তুত।’ সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা বলেন।প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সরকার চাইলে সে দেশের ভূমিকম্প ও সুনামিকবলিত জনগণের সহায়তায় সর্বাত্মক সহযোগিতা দেওয়ার গভীর আগ্রহ প্রকাশ করেছেন। ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই আন্তরিক ও হূদ্যতাপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় জাপান সরকার ও জনগণ বাংলাদেশ ও তার জনগণের প্রতি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে জাপান সরকার বাংলাদেশকে প্রচুর সহায়তা দিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশকে সহায়তাদানকারী একক দেশ হিসেবে জাপানের অবস্থান শীর্ষে। জাপানের আর্থিক ও কারিগরি সহায়তায় দেশে বর্তমানে অনেক উন্নয়ন কর্মসূচি চলমান রয়েছে। তিনি বলেন, ‘জাপান ও এর জনগণের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। আমরা জাপান সরকারের বেদনা ও দুর্ভোগ উপলব্ধি করতে পারছি।’বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত তামত্সু শিনোত্সুকা ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর জাপানের জনগণের উদ্দেশে পাঠানো বার্তার জন্য শেখ হাসিনার প্রশংসা করেন। তিনি জাপানে উদ্ধারকারী দল পাঠাতে প্রস্তুতির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। বাসস।