জাপানবিরোধী বিক্ষোভে উত্তাল চীন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ কয়েকটি দ্বীপ নিয়ে জাপানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে আজ শনিবারও উত্তাল ছিল চীন। রাজধানী বেইজিংয়ে অবস্থিত জাপানি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে শত শত চীনা নাগরিক। তারা জাপানি দূতাবাস লক্ষ্য করে ইট-পাথর, বোমা ও বোতল ছুড়ে মারে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ কথা বলা হয়। খবরে বলা হয়, জাপানবিরোধী বিক্ষোভের অংশ হিসেবে স্লোগানে মুখর চীনারা নিজ দেশের পতাকা উঁচিয়ে জাপানি দূতাবাসের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা দূতাবাস ভাঙচুরে উদ্যত হলে আধাসামরিক পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। বর্ম ও লাঠিসোঁটা হাতে পুলিশ দূতাবাসটি ঘিরে রাখে। বিক্ষোভকারীদের কয়েকজন জাপানকে ‘শয়তান’ বলে স্লোগান দেন। তাঁদের কারও কারও মতে, মাতৃভূমির স্বার্থেই জাপানের সঙ্গে যুদ্ধে যাওয়া উচিত।

লিউ গ্যাং নামের একজন শ্রমিক বলেন, ‘আমরা জাপানকে ঘৃণা করি। সব সময় ঘৃণা করেই এসেছি। জাপান চীনে আগ্রাসন চালিয়েছে এবং অনেক চীনাকে হত্যা করেছে। তাদের এ ভূমিকার কথা আমরা কখনোই ভুলব না।’ বেইজিং ছাড়াও চীনের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। চীনের বন্দরনগর সাংহাইয়ে জাপানি দূতাবাসের সামনের রাস্তায় বিক্ষোভকারীদের ঠেকাতে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। জাপানের গণমাধ্যম জানিয়েছে, চীনা শহর জিয়ান, চাংসা, ন্যানজিং ও সুজুতেও জাপানবিরোধী বিক্ষোভ হয়েছে। এসব এলাকায় জাপানি ব্যবসাপ্রতিষ্ঠান ও রেস্তোরাঁয় হামলার সময়ে জাপানিদের সঙ্গে চীনাদের সংঘর্ষ বাধে।জাপানের বার্তা সংস্থা কিয়োদো জানায়, ১৯৭২ সালে চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল হওয়ার পর জাপানবিরোধী চলমান বিক্ষোভগুলোই সবচেয়ে বড়। পূর্ব চীন সাগরে সম্পদপূর্ণ ও জনবসতিহীন দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে কয়েক দিন ধরে চীন ও জাপানের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। দ্বীপগুলো জাপানে ‘সেনকাকু’ এবং চীনে ‘দিয়াওউ’ নামে পরিচিত। জাপান সম্প্রতি দ্বীপগুলোর দখল নেওয়ার কথা বললে তীব্র ক্ষোভ প্রকাশ করে চীন। এর জের ধরেই গতকাল শুক্রবার দ্বীপগুলোর কাছে ছয়টি জাহাজ পাঠায় চীন।