জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং শিল্পকারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার শেখ হাসিনা জাপানের ওসাকা শহরের নিউ ওতানি হোটেলে তাঁর সৌজন্যে ওসাকার গভর্নর তরু হাশিমোতোর দেওয়া নৈশভোজে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান।জাপানি ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উদার বিনিয়োগনীতির সুযোগ নিয়ে বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, পরিবহন ও বস্ত্র খাতে বিনিয়োগে আপনাদের এগিয়ে আসা উচিত।’ প্রধানমন্ত্রী এ সময় তাঁর সরকারের উদার বাণিজ্যনীতির বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি করার জন্য জাপান সরকারের প্রতি তিনি আবারও আহ্বান জানান।জাপানকে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বর্তমানে বাংলাদেশে জাপানের বার্ষিক রপ্তানির পরিমাণ ১০৪ কোটি ৭০ লাখ ডলার। এর বিপরীতে বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ মাত্র ৩৩ কোটি ডলার। বাণিজ্যিক ভারসাম্য জাপানের অনুকূলে। তিনি বলেন, ‘বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও জাপানি শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে এই অসমতা দূর করার প্রয়োজনীয়তার ব্যাপারে আপনাদের দ্বিমত থাকার কথা নয়।’প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক বুনিয়াদ, আর্থসামাজিক স্থিতিশীলতা, সস্তা শ্রম, ১৫ কোটির বেশি ভোক্তার অভ্যন্তরীণ বাজার এবং ১৫০ কোটি মানুষের বিশাল দক্ষিণ এশীয় বাজারের ওপর দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সত্ত্বেও ২০০৯-১০ অর্থবছরে আমাদের প্রায় ৬ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, পুঁজিবাজার স্থিতিশীল হয়েছে এবং রপ্তানি বেড়েছে।’ তিনি বলেন, বাংলাদেশ ও জাপান ভালো বন্ধু। দুই দেশ অভিন্ন মূল্যবোধ ও অঙ্গীকার পোষণ করে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাপানের বিনিয়োগের একটি ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।শতকরা ৮৭ ভাগ জাপানি ব্যবসায়ী বাংলাদেশে লগ্নি করতে প্রস্তুত আছেন, দাবি করে শেখ হাসিনা বলেন, দেশে অবকাঠামোগত উন্নয়ন বিশেষত মহাসড়ক, পাতালরেল, মনোরেল, রেলপথ, বিদ্যুৎকেন্দ্র ও সেরা মানের আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে তাঁর সরকার সরকারি-বেসরকারি অংশীদারির নীতি গ্রহণ করেছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং উল্লেখযোগ্য সংখ্যক জাপানি ব্যবসায়ী নৈশভোজে অংশ নেন।হিরোশিমা মেমোরিয়াল পার্ক ও জাদুঘর পরিদর্শনএকটি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার জাপানের উদ্যোগের পক্ষে বাংলাদেশের সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল দুপুরে জাপানের হিরোশিমা নগরে এক অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ ছাড়া বাণিজ্যঘাটতি কমিয়ে আনতে জাপানের সঙ্গে বাংলাদেশের সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন অ্যান্ড হিরোশিমা পিস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন আয়োজিত ওই অভ্যর্থনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আমাদের শান্তিপ্রিয় জনগণ হিরোশিমা শান্তি প্রক্রিয়াকে সম্মান করে। “মেয়রস ফর পিস সিটিস”-এর ছাতার নিচে সমবেত হয়ে একটি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জাপানের উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন জানাচ্ছি আমরা।’ অনুষ্ঠানটি বাংলায় সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সোশি নারা।এর আগে হিরোশিমা মেমোরিয়াল পার্ক ও জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের তৈরি আণবিক বোমা লিটল বয়ের আঘাতে পুরোপুরি বিধ্বস্ত হয় হিরোশিমা নগর। নিহত হয় লক্ষাধিক মানুষ। হিরোশিমা শান্তি ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান স্টিভ লিপার শেখ হাসিনাকে জাদুঘরে নিয়ে যান এবং বিভিন্ন ধ্বংসাবশেষ ও স্মারক দেখান।বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ৭৯ বছর বয়সী নারী ইয়োশিকো কাজিমোতোর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। কাজিমোতো প্রধানমন্ত্রীকে ওই সময়ের স্মৃতি ও অভিজ্ঞতার কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরে সহানুভূতি জানান। আণবিক বোমা হিরোশিমায় আঘাত হানার সময় কাজিমোতোর বয়স ছিল ১৪ বছর। ওই হামলায় প্রায় ৭৩ হাজার মানুষ বেঁচে যায়।জাদুঘর পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আণবিক বোমার ধ্বংসযজ্ঞের এই ভয়াবহতার চিত্র দেখার অনুভূতি আমি ব্যক্ত করতে পারছি না।’ তিনি বলেন, বাংলাদেশের জনগণ, যাঁরা মুক্তিযুদ্ধের সময়ের ভয়াবহতার শিকার হয়েছেন, তাঁরা হিরোশিমাবাসীর কষ্ট বুঝতে পারবেন।সাংবাদিকেরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ভারত ও পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রধারী দেশ থাকায় দক্ষিণ এশিয়ায় শান্তি রক্ষায় তাঁর ভূমিকা কী? জবাবে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৮ সালে ওই দুই দেশ পরমাণু বোমার পরীক্ষা চালানোর পর তিনি দুই দেশের সরকারপ্রধানদের টেলিফোন করেন এবং পরে নয়াদিল্লি ও ইসলামাবাদ সফরে গিয়ে এ অঞ্চলে শান্তি রক্ষার স্বার্থে পরমাণু বোমার পরীক্ষা না চালানোর আহ্বান জানান। বাসস ও ইউএনবি।