জাপানে আবার ৬ তীব্রতার ভূমিকম্প, ফুকুশিমা থেকে কর্মী প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পূর্বাঞ্চলে আজ বুধবার আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ছয়। বার্তা সংস্থা রয়টার্স এনএইচকে টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পে রাজধানী টোকিওর ভবনগুলো কেঁপে ওঠে। তবে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানে একজন শীর্ষ সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, তেজস্ক্রিয়তা বেড়ে যাওয়ায় ফুকুমিশা পারমাণবিক বিদ্যুেকন্দ্রের কর্মী ও শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে। জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইউকিও এদানো আজ এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়ায় কর্মী ও শ্রমিকদের বিদ্যুেকন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে প্রায় ৫০ জন কর্মী রয়েছেন। তিনি আরও জানান, তেজস্ক্রিয়তা ঝুঁকির কারণে শ্রমিকেরা সেখানে কোনো কাজই করতে পারছিলেন না। তবে এখন তেজস্ক্রিয়তা নির্গমনের হার কিছু কমেছে।এদিকে পারমাণবিক কেন্দ্রের চার নম্বর চুল্লিতে আজ সকালে দ্বিতীয় দফা আগুন জ্বলতে দেখা যায়। ওই চুল্লিতে গতকাল আগুন ধরেছিল। চার নম্বর চুল্লিতে আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে না—জাপানের পারমাণবিক নিরাপত্তা সংস্থা পক্ষ থেকে এমন তথ্য জানানোর তিন ঘণ্টা পর আবারও সেখানে আগুন জ্বলতে দেখা যায়। এ ছাড়া আজ পারমাণবিক কেন্দ্রের তিন নম্বর চুল্লি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা গেছে। জাপানের কর্তৃপক্ষ বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। এদানো জানান, সাধারণত এ ধরনের ধোঁয়া বাষ্পীভূত পানি থেকে বের হতে দেখা যায়। এটা উঁচু মাত্রার তেজস্ক্রিয়তার কারণে হয়ে থাকে।