জাপানে ঘূর্ণিঝড়ে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুশিমায় এবার আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রক। এর ফলে প্রবল বৃষ্টি আর বন্যায় অন্তত চারজন নিহত ও দুই জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। প্রচণ্ড বৃষ্টিপাতে তেজস্ক্রিয়তা সমুদ্রের পানিতে মিশে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।গত মার্চ মাসে সুনামিতে ফুকুশিমার যে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দিকেই এই ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বলে জানা গেছে। সুনামির পর থেকে ওই এলাকায় প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত পরমাণু বিদ্যুেকন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন।খবরে জানা গেছে, স্থানীয় সময় বেলা দুইটার দিকে ঘণ্টায় ১৩০ মাইল বেগে হামামাত্সু থেকে ঘূর্ণিঝড়টি ধেয়ে আসে। বর্তমানে এটি জাপানের উত্তর-পূর্বাঞ্চল হনশুর দিকে ধাবিত হচ্ছে। এ ঘটনায় আপাতত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জিফুতে এক স্কুলছাত্রসহ দুজন নিখোঁজ রয়েছে।এই ঘূর্ণিঝড়ের কারণে জাপানের লাখ লাখ মানুষ এখন ঝুঁকির মুখে পড়েছে। শিগগিরই তাঁদের ওই সব এলাকা ছেড়ে যেতে হতে পারে বলেও জানা গেছে।ঘূর্ণিঝড় রকের কারণে আজ জাপানের স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বিমানের শতাধিক ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। ১১ থেকে ১৫টি ফ্যাক্টরিতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা তাদের উত্পাদন বন্ধ করে দিয়েছে।টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) এক মুখপাত্র নাওকি সুনদা বলেছেন, ‘বাতাসের কারণেও যেন তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’