জাপানে তেজস্ক্রিয়তা নির্গমনের হার বাড়ছে, টোকিওতে সতর্কতা
জাপানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার হার ক্রমশ বাড়ছে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নাওতো কান টোকিওর উত্তরাঞ্চলে ৩০ কিলোমিটার এলাকার বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন। জাপানের কর্তৃপক্ষ সতর্ক করেছে যে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ দুটি চুল্লিতে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা ‘উল্লেখযোগ্যভাবে’ বৃদ্ধি পেয়েছে।নাওতো কান জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, ‘পারমাণবিক কেন্দ্রের চার নম্বর চুল্লিতে আগুন লেগেছে। আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা তেজস্ক্রিয়তা নির্গমন বন্ধে সব চেষ্টাই চালিয়ে যাচ্ছি। আমি জানি জনগণ খুবই উদ্বিগ্ন। কিন্তু আমি সবাইকে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে বলব।’ এদিকে টোকিওতে ফ্রান্সের দূতাবাস জানিয়েছে, কম মাত্রার তেজস্ক্রিয়তার বায়ু প্রায় ১০ ঘণ্টার মধ্যে টোকিওতে পৌঁছাবে। তবে জাপানি গণমাধ্যম দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে। এ ছাড়া পারমাণবিক কেন্দ্রের দুর্ঘটনা সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রদানে ব্যর্থতার জন্য সরকার ও কেন্দ্রটির পরিচালনা সংস্থা টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানিরও (টেপকো) সমালোচনা করেছে।প্রধানমন্ত্রী কান আজ মুঠোফোনে নাগরিকদের কাছে এক সংক্ষিপ্ত বার্তায় বিদ্যুত্ সাশ্রয়ের অনুরোধ জানান। ভূমিকম্প ও সুনামির কারণে পরমাণু শক্তি চালিত বিদ্যুত্ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উত্পাদন ব্যাহত হওয়ায় সংকট দেখা দিয়েছে।চীন জানিয়েছে, তাদের আকাশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। এ ছাড়া এয়ার চায়না জানিয়েছে, তারা টোকিওতে ফ্লাইট বাতিল করেছে। জাপানে আরও কয়েকটি দেশের দূতাবাস তাদের কর্মী ও নাগরিকদের দুর্যোগপূর্ণ এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। জাপানের বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, টোকিওর কাছে কানাগাওয়া এলাকায় স্বাভাবিকের তুলনায় বায়ুতে নয় গুণ তেজস্ক্রিয়তার শনাক্ত করা হয়েছে।ভূমিকম্প ও সুনামি-পরবর্তী জাপানের অনেক কারখানায় আজও উত্পাদন বন্ধ রয়েছে। ইলেট্রনিক যন্ত্রপাতি থেকে থেকে জাহাজ নির্মাণ পর্যন্ত প্রায় সব কিছুর উত্পাদন বন্ধ রয়েছে। বিদ্যুৎসকটের পাশাপাশি অপরিহার্য অবকাঠামো, বন্দর ও অন্যান্য সুবিধাও বন্ধ । এ ছাড়া জাপানের শেয়ারবাজারে ১৪ শতাংশ দরপতন হয়েছে। নিউইয়র্কের লেক সিকিউরিটিজের বাজার বিশ্লেষণ বিভাগের পরিচালক অ্যান্ড্রু বাখোস জানান, জাপানে ভূমিকম্পের কারণে বিশ্ব অর্থনীতি জটিল হয়ে যাবে। এর ফলে বিশ্ব মন্দাও দেখা দিতে পারে।